নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরে ডুবে মো. কামরুল ইসলাম নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) দুপুর বেলা উপজেলার চর জুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু কামরুল ইসলাম ওই এলাকার স্থানীয় বাসিন্দা হাজী শাহ আলম কেরানির বাড়ির মোহাম্মদ আলা উদ্দিনের সন্তান।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুসারে, ঘটনার সময় কামরুলের মা রান্নাঘরে কাজ করছিলেন এবং শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বাড়ির পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, “শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”