চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া হালিশহর থানার টহল পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। কর্ণফুলী থানা এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।

ঘটনার বিবরণ অনুযায়ী, ওই দিন দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের ঠিক সামনে থেকে প্রকাশ্যে গাড়িটি চুরির ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। তারা গাড়িটি পুলিশ লাইন্সের সামনে সড়কে পার্ক করে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তারা দেখতে পান, গাড়িটি সেখানে নেই।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, পুলিশ সদস্যরা রেস্টুরেন্টে প্রবেশের পর এক ব্যক্তি অনায়াসে পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

দিনের আলোতে পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির এই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক তৎপরতা শুরু হয়। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই গাড়িটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিকেলে কর্ণফুলী থানা এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটির সন্ধান পাওয়া যায়।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, “টহল দলের সদস্যরা গাড়িটি পার্ক করে রেস্টুরেন্টে খেতে গেলে এক ব্যক্তি সেটি চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনাটি ধরা পড়েছে।”

হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তিনি আরও জানান, “এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”