চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সামনেই এক দুঃসাহসিক ঘটনায় হালিশহর থানার একটি সরকারি পিকআপ ভ্যান চুরি হয়ে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এক ব্যক্তি অত্যন্ত সাবলীলভাবে গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায়, ঠিক জেলা পুলিশ লাইন্সের সামনে। পুলিশের টহল গাড়িটি খোদ পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হয়ে যাওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দ্রুত তৎপরতা শুরু করেছে। চুরি হওয়া গাড়িটি উদ্ধার করতে এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ দল নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, “হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান নিয়ে টহল দলের তিন সদস্য বের হয়েছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইন্সের সামনে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যান। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। গাড়িটি উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
অন্যদিকে, এই চুরির ঘটনা প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল মুক্তকণ্ঠকে বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।”