কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দুই মাসের মাথায় পুনরায় পুলিশের জালে ধরা পড়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৭)।

গত শনিবার রাতে এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ তাকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

ঘটনা প্রসঙ্গে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মুক্তকণ্ঠকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে ‘আই-ব্লক’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।”

আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম প্রকাশ রুবেল ফেনীর সদর থানার ১৩নং ফরহাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশা ও রিজিয়া বেগম দম্পতির সন্তান। তিনি বর্তমানে খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির এসএইচ হিল ডেইলে বসবাস করছিলেন।

অন্যদিকে, রুবেলের আইনজীবী নাজমুল হাসান মুক্তকণ্ঠকে জানান, একটি হোটেলে মতবিনিময় সভা করার অভিযোগে গত ৩ মে তাকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় জামিন পাওয়ার পর ১ আগস্ট তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ সাড়ে তিন মাস জেল খেটে ১৭ আগস্ট জামিন পাওয়ার পর গতরাতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে তিনি বলেন, “এগুলো স্পষ্ট রাজনৈতিক হয়রানি।”