দেশের মোট জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ বর্তমানে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন। তবে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে আছেন। ব্যাংক হিসাব খোলার পাশাপাশি মোবাইল আর্থিক সেবা এবং অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান এই ব্যবধান দেশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তির পথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫-এর এক প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) এই জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

জরিপের প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। বর্তমানে দেশে এমএফএস হিসাবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটিতে, যার মধ্যে নারীদের হিসাবের সংখ্যা ১০ কোটি। তবে হিসাবের সংখ্যা বৃদ্ধি পেলেও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যকার ব্যবধান এখনো পুরোপুরি দূর হয়নি।

জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানেও বড় ধরনের বৈষম্য বিদ্যমান। জরিপ অনুযায়ী, আর্থিক অন্তর্ভুক্তির হারে দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাজবাড়ী, যেখানে এই হার ৮৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা, যেখানে আর্থিক অন্তর্ভুক্তির হার মাত্র ৪৬ দশমিক ৮ শতাংশ।

র‍্যাপিড সুপারিশ করেছে যে, আগামী পাঁচ বছরের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বর্তমান হার ৬৪ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করতে হবে। এই লক্ষ্য অর্জনে নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের জন্য বিশেষ উপযোগী আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাংকিং প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। পাশাপাশি গ্রামীণ এলাকায় আর্থিক সেবার বিস্তার ঘটানো এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পুনরুজ্জীবিত করতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড.হাবিবুর রহমান বলেন, “আর্থিক সেবার মান এবং মানুষ কীভাবে এসব সেবা গ্রহণ করছে, সে সম্পর্কে ধারণা পেতে এই জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” জরিপটি সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য তিনি র‍্যাপিড ও এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় কৌশলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে মোবাইল ফোন, ইন্টারনেট ডেটা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধার অভাবে অনেক মানুষ এখনো মোবাইল আর্থিক সেবা, ব্যাংক হিসাব ও বিভিন্ন আর্থিক অ্যাপ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”

ডেপুটি গভর্নর উল্লেখ করেন যে, এই সীমাবদ্ধতাগুলো দূর করার পাশাপাশি নারী-পুরুষ, গ্রাম-শহর এবং সচ্ছল ও কম সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সেবা পাওয়ার ব্যবধান কমিয়ে আনা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্য অর্জনে একটি সমন্বিত পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, বাংলা কিউআর চালুর মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে।

পরিশেষে তিনি বলেন, “আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াতে এই জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক গড়ের তুলনায় পিছিয়ে থাকা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”