ডিজিটাল আর্থিক লেনদেনের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করার লক্ষ্যে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় এবং গ্রাহকবান্ধব ইন্টারফেসের মাধ্যমে তৈরি এই নতুন অ্যাপটি ব্যবহারকারীদের দৈনন্দিন আর্থিক চাহিদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নগদের পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নগদ অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের নিশ্চয়তা দিতে নতুন কোনো লেনদেন শুরু করার আগে অ্যাপটি আপডেট করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নগদের দাবি, এই নতুন অ্যাপটির রেসপন্স, লোড এবং ল্যাগ টাইম অন্যান্য আর্থিক সেবার অ্যাপের তুলনায় অনেক কম। অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট এবং ইউটিলিটি বিল পরিশোধের পাশাপাশি ইন্টার অপারেবিলিটি সেবার মাধ্যমে গ্রাহকদের লেনদেনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের ঋণ প্রদান, এফডিআর এবং বিমার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সেবা এই অ্যাপে যুক্ত করা হবে।

নতুন অ্যাপটি সম্পর্কে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ‘নতুন অ্যাপে সহজে ব্যবহার উপযোগী অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তাকাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকেরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাঁদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।’