কক্সবাজারে পর্যটন কার্নিভালের আয়োজন করতে গিয়ে ঝাউবন উজাড় করার প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আন্দোলন সংগঠিত করার অপরাধে আটক হওয়া ছাত্র ইউনিয়নের কক্সবাজার জেলা সংসদের সদস্য রাফায়েত উল্লাহ রোহানের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।
গত বুধবার (১৮ নভেম্বর) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতির মাধ্যমে তার মুক্তির দাবি জানান।
সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে উল্লেখ করেন যে, “তারেক রহমানের সরকার ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষণা দিয়ে কক্সবাজারে ঝাঊবন উজাড়ের পাঁয়তারা করছে।” তারা আরও জানান, কক্সবাজার শহরের পরিবেশপ্রেমী ও বিবেকবান নাগরিকরা সরকারের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই আন্দোলনকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তারা দাবি করেন।
নেতৃবৃন্দের অভিযোগ, এই আন্দোলন নস্যাৎ করার উদ্দেশ্যেই ছাত্রনেতা রোহানকে তার নিজ বাসভবন থেকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তুলে নিয়ে গেছে। তারা বলেন, “স্বৈরাচারী কায়দায় হামলা-মামলা, জেল-জুলুমের ভয় দেখিয়ে সরকার পরিবেশবাদী এই আন্দোলন দমন করতে চায়।” বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান একদিকে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে পরিবেশ রক্ষার কথা বলছেন, অন্যদিকে তার অনুগতরা কক্সবাজারে ঝাউবন উজাড় করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, “পুরানো স্বৈরাচারী কায়দায় হামলা-মামলা, জেল-জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না।” তারা দাবি করেন, ছাত্রনেতা রাফায়েত উল্লাহ রোহানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ঝাউবন রক্ষা আন্দোলনে জড়িতদের প্রতি হয়রানি বন্ধ করার এবং পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানানো হয়েছে।