রসবোধ, ব্যঙ্গ এবং দার্শনিকতার এক অনন্য মিশেলে তুরস্কের নাসিরুদ্দিন হোজ্জা বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর একটি বিশেষ গল্প রয়েছে, যা তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত ‘দ্য ফিলোসফারস ফিলসফার: নাসিরুদ্দিন হোজ্জা’ বইটিতেও স্থান পেয়েছে।

গল্পটি ছিল এমন যে, একদিন ক্ষমতাধর শাসক তৈমুর লং হোজ্জাকে এক ঝুড়ি পিচ ফল তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু হোজ্জা সেই ফল বাড়িতে না নিয়ে সরাসরি কবরস্থানে রেখে আসেন। প্রাসাদে ফিরে ফলের ঝুড়ি খুঁজে না পেয়ে তৈমুর লং অত্যন্ত ক্ষুব্ধ হন এবং হোজ্জাকে তলব করেন। হোজ্জা তখন তৈমুরকে কবরস্থানে নিয়ে গিয়ে বলেন, “এই যে আপনার বাড়িতেই ফল রেখেছি। আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না। একদিন আপনার ক্ষমতা, খ্যাতি, প্রাসাদ সবই হারিয়ে যাবে; আর এটাই হবে আপনার শেষ ঠিকানা।” ক্ষমতার দম্ভে অন্ধ এক শাসকের সামনে হোজ্জা অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছিলেন যে, পৃথিবীর কোনো ক্ষমতার কাঠামোই চিরস্থায়ী নয়।

তুরস্কের আন্তালিয়ায় বর্তমানে বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর লিডার্স সামিট চলছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের মতো অত্যন্ত ক্ষমতাধর এবং কার্বন নিঃসরণের জন্য দায়ী অনেক দেশ এই সম্মেলনে অংশ নেয়নি। অন্যদিকে, যেসব ক্ষমতাধর দেশ সম্মেলনে যোগ দিয়েছে, তাদের মধ্যেও দূষণ কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকারে এক ধরণের অনীহা লক্ষ্য করা গেছে। আর বৈশ্বিক প্রভাবশালী করপোরেট প্রতিষ্ঠানগুলো তো আছেই, যারা বিভিন্ন জলবায়ু সম্মেলনে নিজেদের উপস্থিতি দেখিয়ে কেবল ক্ষমতার জানান দিয়েই যাচ্ছে।

গতকাল ছিল এই জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিন। শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতার নানা আলোচনার মধ্য দিয়ে গতকালের কার্যক্রম শুরু হয়। তুরস্কের আন্তালিয়ায় যখন এই সম্মেলন চলছে, ঠিক তখনই দেশটির অন্য প্রান্তে আকবেলেন বন রক্ষায় তীব্র আন্দোলন চলছে। প্রাচীন এই বন এবং এর আশপাশের গ্রামগুলো বর্তমানে কয়লাখনি খননের কারণে চরম ঝুঁকির মুখে। এই বনে ২০০ জাতের উদ্ভিদ, ১০০ প্রজাতির পাখি এবং ৩০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল রয়েছে। নেজলা ইশক গ্রামবাসীদের সাথে নিয়ে এই বন রক্ষার আন্দোলন গড়ে তুলেছেন।

এই জলবায়ু সম্মেলনে যদি নাসিরুদ্দিন হোজ্জা উপস্থিত থাকতেন, তবে তিনি হয়তো কার্বন-দূষণের মূল উৎস হিসেবে চিহ্নিত উন্নত, ধনী এবং ক্ষমতাশালী দেশগুলোকে মনে করিয়ে দিতেন, “কোনো ক্ষমতার কাঠামোই পৃথিবীতে চিরস্থায়ী নয়।”

স্মৃতিতে ভেসে ওঠে ১৯৯৭ সালের ১৪ জুনের কথা, যখন বাংলাদেশের ছোট্ট বন লাউয়াছড়া হয়ে গিয়েছিল এক ধ্বংসস্তূপ। গ্যাস জরিপ ও খননের অযুহাতে মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল, ইউনোকল ও শেভরন বনটিকে তছনছ করে দিয়েছিল। আবার ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি-বিরোধী আন্দোলনে কৃষিজমি ও গ্রাম রক্ষায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল তিন কিশোর—তরিকুল, সালেকীন ও আল-আমিন।

সবচেয়ে বড় পরিহাস হলো, আকবেলেন বনে কয়লাখনি সম্প্রসারণের জন্য দায়ী লিমাক হোল্ডিং এবং আইচি হোল্ডিং কোম্পানিগুলো এই জলবায়ু সম্মেলনের সরকারি তালিকায় ‘ক্লাইমেট সাপোর্টার্স’ হিসেবে নিবন্ধিত। এমনকি সম্মেলনস্থলের ব্লুজোনের বিশাল বোর্ডে এই কোম্পানিগুলোর লোগো টানানো হয়েছে। জলবায়ু মঞ্চটি এখন ধীরে ধীরে ভুক্তভোগী ও পরিবেশ রক্ষাকারীদের কণ্ঠস্বরকে আড়াল করে করপোরেট লবিস্টদের আস্তানায় পরিণত হয়েছে।

জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘গ্লোবাল উইটনেসের’ ২০২৩ এবং ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, ২৮তম জলবায়ু সম্মেলনে ২ হাজার ৪৫৬ জন এবং ২৯তম সম্মেলনে ১ হাজার ৭৭৩ জন জীবাশ্ম জ্বালানি লবিস্ট উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার লেখক শ্যারন বেডার তাঁর ‘গ্লোবাল স্পিন: দ্য করপোরেট অ্যাসাল্ট অন এনভায়রনমেন্টালিজম’ (১৯৯৭) বইয়ে দেখিয়েছেন যে, করপোরেট লবিং পরিবেশগত নীতি নির্ধারণে কতটা প্রবল প্রভাব ফেলে।

জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে জ্বালানি রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি কোম্পানি ও বৃহৎ দূষণকারীদের প্রবেশাধিকার না দেওয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জলবায়ুকর্মীরা। সম্মেলনের পঞ্চম দিনে ব্লুজোনের ফুড এরিয়ায় ‘বিগ পলিউটারস কিক আউট’ স্লোগানে মুখর এই কর্মসূচিতে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম পাঁচ দিনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা নিয়ে রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ১১ নভেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তেল, কয়লা ও গ্যাসনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে একটি ন্যায্য রূপান্তরের আহ্বান জানান। তবে সৌদি আরব ও রাশিয়ার মতো জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এই লক্ষ্যমাত্রা নিয়ে আপত্তি জানাচ্ছে। তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুৎ খাতের অংশ ৩৫ শতাংশ করার প্রস্তাব দিলেও নবায়নযোগ্য উৎসকে বাধ্যতামূলক করেনি। ন্যায্য রূপান্তর কর্মসূচির পর্যালোচনায় শ্রমিকদের অধিকার সুরক্ষা নিয়ে আলোচনা হলেও জীবাশ্ম জ্বালানি বন্ধের কোনো বাধ্যতামূলক সময়সীমা বা নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সম্মেলনের পঞ্চম দিন রাতে ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলংকা, যুক্তরাজ্য, ফিলিপাইন, ইরাক, আলজেরিয়া, কেনিয়া ও উগান্ডার জলবায়ু ও অধিকারকর্মীদের সাথে আন্তালিয়ার ইসরেতপাশার এক রেস্তোরাঁয় বিশ্ব জলবায়ু রাজনীতির আড্ডায় শামিল হই। তুর্কি খাবারের সাথে সাথে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, যুদ্ধ, বাণিজ্য, আদিবাসী অধিকার, কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী, ডানপন্থার উত্থান, বামপন্থী আন্দোলনের সাফল্য-ব্যর্থতা, সিনেমা, জেন্ডার এবং প্রিয় বই নিয়ে আলোচনা চলে।

কানাডার লেখক নাওমি ক্লেইন তাঁর ‘দিস চেঞ্জেস এভরিথিং: ক্যাপিটালিজম ভার্সেস দ্য ক্লাইমেট’ বইয়ে দেখিয়েছেন যে, জলবায়ু সংকট কেবল কার্বন নিঃসরণের গণিত নয়, বরং এটি মুনাফানির্ভর পুঁজিবাদী অর্থনীতির এক কাঠামোগত সংকট। করপোরেট ক্ষমতা, বাণিজ্যের অবাধ বিস্তার এবং মুনাফা বৃদ্ধির দর্শনই প্রকৃতি ও প্রাণকে বিপন্ন করছে। বাজারনির্ভর সমাধানের পরিবর্তে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে সামাজিক ন্যায্যতাভিত্তিক অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করার কথা বলেছেন তিনি। সুইডিশ লেখক আন্দ্রিয়াস মালমের ‘ফসিল ক্যাপিটাল: দ্য রাইজ অব স্টিম পাওয়ার অ্যান্ড দ্য রুটস অব গ্লোবাল ওয়ার্মিং’ বইটিতেও জলবায়ু সংকট মোকাবিলায় কেবল প্রযুক্তির পরিবর্তন নয়, বরং বিদ্যমান পুঁজির ক্ষমতা ও অর্থনৈতিক সম্পর্কের মৌলিক রূপান্তরের কথা বলা হয়েছে।

সম্মেলনের পঞ্চম দিনে ‘কাউন্টারিং করপোরেট পাওয়ার: মেকিং পলিউটার্স পে ফর আ ফেয়ার, ফাস্ট অ্যান্ড ফুল ফসিল ফুয়েল ফেজআউট’ শীর্ষক এক অধিবেশনে বক্তারা করপোরেট ক্ষমতার বলয় থেকে পৃথিবীকে জীবাশ্ম জ্বালানিমুক্ত করতে নাগরিক রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ‘ইউনাইটডে স্টেটস ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’, জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স, ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল এবং ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ যৌথভাবে এই অধিবেশনটি আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রতিনিধি কল্লিন অ্যান্ড্রু রিজ বলেন, যুক্তরাষ্ট্র চাইলে জীবাশ্ম জ্বালানি কমিয়ে সৌর ও বায়ুচালিত নবায়নযোগ্য জ্বালানি খাত গড়ে তুলতে পারে; তবে এর জন্য সরকারের রাজনৈতিক অবস্থান, দর্শন ও সদিচ্ছা অত্যন্ত জরুরি।

ইরাক প্যাভিলিয়নের সামনে আলাপ হয় ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিনিধি রাদ কুর্দি আবু জোঘাইদারের সাথে। তিনি জানান, জীবাশ্ম জ্বালানি দখলের নেশায় এক প্রাচীন সভ্যতার দেশকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। মানুষের জীবিকা ও উৎপাদনব্যবস্থা সব বদলে গেছে এবং অনাবৃষ্টির কারণে পানিসংকট তীব্রতর হচ্ছে। জীবাশ্ম জ্বালানি কেবল জলবায়ু পরিবর্তনই ঘটায় না, বরং ভূরাজনৈতিক কর্তৃত্ব এবং যুদ্ধের মতো সহিংসতাকেও প্রভাবিত করে।

চিলির মাপুচি আদিবাসী নেতা ভ্যালেরিয়া ড্যানিয়েলা সুপালভেডা গত শুক্রবার আদিবাসী প্যাভিলিয়নের এক অধিবেশনে বলেন, “খাদ্য ও জ্বালানির বিষয়গুলো আমাদের মৌলিক অস্তিত্বের সঙ্গে জড়িত। এই আলাপকে ঔপনিবেশিকতা এবং করপোরেটায়নের বাইরে রাখতে হবে।”

জলবায়ু সম্মেলনে অনেকে কার্বন-বাণিজ্য, কার্বন অফসেট এবং কার্বন বাজার নিয়ে বিভিন্ন প্রযুক্তি প্যাকেজ উপস্থাপন করছেন। তবে অনেক আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি এই প্যাকেজগুলোকে ‘মিথ্যা সমাধান’ হিসেবে চিহ্নিত করে প্রমাণসহ বিরোধিতা করছেন। জিম্বাবুয়ে সরকার তাদের প্রদর্শনী স্টলে দাবি করছে যে, বুনো হাতি প্রায় ৭ শতাংশ কার্বন সঞ্চয় করে। তারা বন্য প্রাণীনির্ভর কার্বন ক্রেডিটের প্যাকেজ উপস্থাপন করছে। অন্যদিকে, ‘নো আরইডিডি প্লাস ইন আফ্রিকা নেটওয়ার্ক’ নামের একটি সংগঠন একটি অবস্থানপত্র বিলি করছে, যেখানে বলা হয়েছে, “সিংহ আফ্রিকার রাজা, ইউরোপের কার্বন বর্জ্যাগার নয়।” উন্নত ও ধনী দেশগুলোর ভোগবিলাসিতা বজায় রেখে কার্বন দূষণের মূল উৎস বন্ধ না করে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জঙ্গল, জলাভূমি বা বন্য প্রাণী নিয়ে কার্বন-বাণিজ্যের উসকানি বন্ধ করার দাবি জানাচ্ছেন অনেকে।

সম্মেলন উপলক্ষে ইএসসিআর-নেট ও লুসিড জাগো ‘দ্য পাওয়ার অব দ্য ৯৯% টু স্টপ করপোরেট ক্যাপচার: ক্লাইমেট ফলস সলিউশন’ নামের একটি কমিক বই প্রকাশ করেছে। বইটিতে দেখানো হয়েছে যে, ১ ভাগ ক্ষমতার ভিত্তি ভেঙে পৃথিবীর ৯৯ ভাগ মানুষই পারে জলবায়ুর গল্পটি বদলে দিতে।

এই জলবায়ু সম্মেলনে হোজ্জা এলে হয়তো কার্বন-দূষণের মূল উৎস উন্নত ও ধনী এবং ক্ষমতাশালী দেশগুলোকেও মনে করিয়ে দিতেন, “কোনো ক্ষমতার কাঠামোই পৃথিবীতে চিরস্থায়ী নয়।”

হোটেলের বারান্দা থেকে আন্তালিয়ার রাতের আকাশের দিকে তাকিয়ে তুরস্কের পরিবেশ আন্দোলনের পথিকৃৎ হায়রেত্তিন কারাজা ও নেহাত গোকিয়েতের কথা খুব মনে পড়ে। বন সুরক্ষা, ভূমিক্ষয় রোধ ও মরুকরণ প্রতিরোধে তারা যে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিলেন, তা সত্যিই স্মরণীয়।