সাত দশকের দীর্ঘ দাম্পত্য জীবন। জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত একে অপরের পাশে থেকেছেন তাঁরা। রাজনীতির উত্থান-পতন, ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ, ক্ষমতা থেকে বিদায় এবং পুনরায় রাজনীতিতে প্রত্যাবর্তন—সবকিছুর সাক্ষী ছিলেন এই দম্পতি। তবে জীবনের ১০১ বছর বয়সে এসে সেই দীর্ঘ পথচলার সঙ্গীকে হারিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর এখন কেমন কাটছে তাঁর দিনগুলো?
গত ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। সেদিনই রাষ্ট্রীয় মর্যাদায় পুত্রজায়ার জাতীয় সমাধিসৌধে তাঁকে সমাহিত করা হয়। শেষবিদায়ের সেই মুহূর্তে হুইলচেয়ারে বসা মাহাথিরের চোখে ছিল জল। জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলেন তিনি।
১৯৫৬ সালের ৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহাথির ও সিতি হাসমাহ। চলতি বছরের আগস্টে তাঁদের দাম্পত্য জীবনের ৭০তম বিবাহবার্ষিকী পালিত হয়। দীর্ঘ এই পথচলায় তাঁদের সাত সন্তান রয়েছে।
মেয়ে মারিনা মাহাথির জানান, মায়ের মৃত্যুতে বাবা অত্যন্ত মর্মাহত এবং তিনি একাকিত্ব অনুভব করছেন। মারিনার কথায়, “বাবার এই শোক কাটিয়ে উঠতে সময় লাগবে।”
স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরের শারীরিক অবস্থাও অবনতির দিকে যায়। ২৯ সেপ্টেম্বর রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন। ছেলে মোখজানি মাহাথির জানান, বাবার হাসপাতালে ভর্তির বিষয়ে উদ্বেগের কিছু নেই, তবে মায়ের মৃত্যু তাঁকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তুলেছিল।
মাহাথিরের প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ জানান, তিনি ক্লান্ত ছিলেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছিলেন না। শোক, প্রচণ্ড গরম আবহাওয়া ও ঘুমের অভাব—সব মিলিয়ে ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।
স্ত্রীর মৃত্যুর চার দিন পর, ১ অক্টোবর, হাসপাতাল থেকে সরাসরি সিতির কবরের কাছে যান মাহাথির। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বেলা ১১টার দিকে সেখানে পৌঁছান তিনি। প্রায় ২০ মিনিট কবরের পাশে থেকে দোয়া ও মোনাজাত করেন এবং ফুল ছিটিয়ে দেন। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সেদিন সিতি হাসমাহর প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।
মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির জনসাধারণ ও সংবাদমাধ্যমের প্রতি তাঁর বাবাকে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “৭০ বছর একসঙ্গে কাটানো জীবনসঙ্গীকে হারানোর পর স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে। বাড়িতে থাকলেও চারপাশের সবকিছু বাবাকে মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তাই আপাতত হাসপাতালে থাকাই তাঁর জন্য ভালো হতে পারে।”
অক্টোবরের মাঝামাঝি সময়ে মাহাথিরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৩ অক্টোবর স্ত্রীর স্মরণে পুত্রজায়ার পেরদানা লিডারশিপ ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। মেয়ে মারিনা সাংবাদিকদের বলেন, বাবার অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন, খাওয়ার আগ্রহ ফিরে এসেছে এবং আগের চেয়ে কিছুটা বেশি সক্রিয়ও হয়েছেন। তবে তখনও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
সেদিন মাহাথিরের কয়েকটি ছবি প্রকাশিত হয়, যার একটিতে তাঁকে নিজের কার্যালয়ে বসে কাগজপত্র দেখতে দেখা যায়। স্ত্রীর মৃত্যুর পর জনসমক্ষে তাঁর ফিরে আসার এটি ছিল অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত। তবে স্বাভাবিক কর্মজীবনে ফেরার পথটি সহজ ছিল না। ১৯ অক্টোবর এক বিবৃতিতে মাহাথির জানান, আগের কয়েক দিন তিনি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলেও শরীরে আগের মতো শক্তি ফিরে পাননি।
বিবৃতিতে মাহাথির লেখেন, “এত বেদনাদায়ক শোকের মধ্যেও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জীবনের এত দীর্ঘ সময় সিতি হাসমাহকে তাঁর সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর বয়স এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যখন জীবনের বাকি সময় খুব বেশি নেই।”
সিতি হাসমাহর মৃত্যুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কমেনি। ৪ নভেম্বর মাহাথির আবারও এ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহাথির বলেন, “সিতি হাসমাহর মৃত্যুর এক মাসের বেশি সময় পরও অনেক মানুষ তাঁর কবর জিয়ারত করতে যাচ্ছেন। তাঁদের উপস্থিতি ও নিয়মিত দোয়া করায় তিনি গভীরভাবে আপ্লুত।” তবে শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি নিজে ঘন ঘন স্ত্রীর কবরের কাছে যেতে পারছেন না এবং যাঁরা সেখানে আসছেন, তাঁদের সঙ্গেও দেখা করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন।
এছাড়া মাহাথিরের কাছে অনেক চিঠি ও শোকবার্তা এসেছে। সব কটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানান এবং যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলেও কথা দেন।
১৯৪৭ সালে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থী হিসেবে মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয়। তখন তাঁরা সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম মেডিক্যাল কলেজে পড়তেন। সিতি হাসমাহ ছিলেন তাঁদের ব্যাচের একমাত্র মালয় নারী শিক্ষার্থী।
মাহাথির এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিতি হাসমাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুঁজতেন তিনি। মেডিক্যাল কলেজে সিতি একটি বিষয়ে খারাপ ফল করার পর মাহাথির তাঁকে পড়াতে শুরু করেন। মাহাথির ছিলেন মেধাবী ছাত্র এবং তিনি সিতিকে পড়ানোর জন্য কোনো অর্থ নিতেন না। সিতি হাসমাহও স্মৃতিচারণায় মজা করে বলেছিলেন, মাহাথিরের বিনা পয়সার টিউশন তিনি গ্রহণ করেছিলেন।
১৯৪৯ সালে একদিন সিনেমা দেখে ফেরার পথে মাহাথির সিতি হাসমাহকে বলেছিলেন যে তাঁর কিছু কথা আছে। এরপর একে একে বানান করে বলেছিলেন, “I love you”। সিতি হাসমাহর কাছে এটিই ছিল মাহাথিরের সবচেয়ে স্মরণীয় রোমান্টিক মুহূর্ত।
সিতি হাসমাহর বাবা মোহাম্মদ আলী তাইব চেয়েছিলেন মেয়ে আগে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হোক, তাই তাঁদের বিয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল। ১৯৫৬ সালে বিয়ের পর শুরু হয় তাঁদের সংসারজীবন। তখন তাঁদের দুজনেরই বয়স ছিল ২৯ বছর। বিয়ের পর সিতি হাসমাহ স্বামীর জন্মস্থান আলোর সেতারে চলে যান এবং সেখানে জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। মাহাথিরও তখন সরকারি চিকিৎসক ছিলেন, পরে তিনি নিজস্ব ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
একজন চিকিৎসক হিসেবে মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সিতি হাসমাহর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ২০১৬ সালে মেয়ে মারিনা মাহাথির মা-বাবার ৬০ বছরের দাম্পত্যজীবন নিয়ে কথা বলেন। তাঁর মতে, দীর্ঘদিনের প্রেমের কারণে বিয়ের আগেই তাঁরা একে অপরকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং তাঁদের সম্পর্কের ভিত ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার।
মাহাথিরের একটি মজার অভ্যাসের কথা জানা যায়—তিনি সময় মেনে চলতে খুব পছন্দ করতেন, কিন্তু সিতি হাসমাহ কোনো অনুষ্ঠানে তৈরি হতে একটু বেশি সময় নিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে মনোমালিন্য হতো। পরে মাহাথির বুঝেছিলেন, একে অপরকে বদলানোর চেয়ে মেনে নেওয়াই ভালো।
মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর মোট সাত সন্তান। তাঁদের চারজন নিজেদের সন্তান এবং তিনজন দত্তক নেওয়া। সন্তানদের মধ্যে কয়েকজন মালয়েশিয়ার রাজনীতি, ব্যবসা ও সাংবাদিকতায় পরিচিতি পেয়েছেন।
জ্যেষ্ঠ সন্তান মারিনা মাহাথির একজন সাংবাদিক, লেখক ও সমাজকর্মী। তিনি নারী অধিকার, মানবাধিকার ও সামাজিক বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং মালয়েশিয়াতেই থাকেন। তিনি ঢাকায় বাংলা একাডেমির সাহিত্য উৎসবেও এসেছিলেন। দ্বিতীয় সন্তান মিরজান মাহাথির মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। দত্তক নেওয়া সন্তান মেলিন্ডা মাহাথির তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন এবং তাঁর পেশা ও বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সীমিত।
ব্যবসায়ী ও মালয়েশিয়ার পরিচিত ধনাঢ্য ব্যক্তিদের একজন মোখজানি মাহাথির। মায়ের মৃত্যুর খবর তিনিই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন এবং বাবার দেখাশোনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কথা বলেছেন। রাজনীতিবিদ মুখরিজ মাহাথির কেদাহ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য। মায়ের মৃত্যুর আগে বাবার হাসপাতালে অবস্থান ও চিকিৎসার বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে তথ্য দিয়েছিলেন। এছাড়া দত্তক নেওয়া সন্তান মাইজুরা মাহাথির ও মাজহার মাহাথিরের ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে প্রকাশ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না এবং তাঁরা জনপরিসরে তুলনামূলক কম সক্রিয়।
মাহাথির যখন মালয়েশিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করছিলেন, তখন সিতি হাসমাহ ছিলেন তাঁর পাশে। প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় দুই দশকের বেশি সময় দেশ পরিচালনা করেছেন মাহাথির। ক্ষমতার বাইরে থেকে আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় ফিরেছেন তিনি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি স্ত্রীকে পাশে পেয়েছেন।
তাঁদের সম্পর্কের ব্যক্তিগত দিকও মালয়েশিয়ার মানুষের কাছে পরিচিত ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের হাসি-ঠাট্টা, খুনসুটি এবং একসঙ্গে উপস্থিত হওয়ার দৃশ্য সংবাদমাধ্যমে এসেছে। মেয়ে মারিনার কথায় সেই সম্পর্কের গভীরতা বোঝা যায়। মায়ের মৃত্যুর পরও প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার অভ্যাস মনে পড়ে মারিনার। কখনো পরামর্শ নেওয়া, কখনো কোনো ঘটনা জানানো, কখনো শুধু একটি বার্তা পাঠানোর ইচ্ছা জাগত। মারিনা বলেন, “এই উপলব্ধিই তাঁর জন্য সবচেয়ে কঠিন।”
মাহাথিরের জীবনেও হয়তো এমন অনেক অভ্যাসের জায়গা এখন শূন্য। তবে তাঁর ব্যক্তিগত দিনযাপনের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তিনি এখন কীভাবে সময় কাটান বা কারা তাঁর সঙ্গে থাকেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সাউথ চায়না মর্নিং পোস্টের ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যরা পালা করে মাহাথিরের সঙ্গে সময় কাটাচ্ছেন, যাতে তিনি একা না থাকেন।
একসময় যাঁর জীবনের প্রতিটি বড় অধ্যায়ের সঙ্গী ছিলেন সিতি হাসমাহ, এখন সেই মানুষটিকে ছাড়াই বাকি দিনগুলো কাটাতে হচ্ছে মাহাথিরকে।