বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেজের (এমআইএইচএএস) ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান। এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের ১,৭০০টি বৈশ্বিক কোম্পানি অংশ নিয়ে প্রায় ২ হাজার বুথে হালাল খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশি প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং হালাল সনদ বিষয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের বুথে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, ব্রশিওর, প্রকাশনা এবং প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া মেলা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) শেষ হবে।

বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তৈরি হালাল পণ্যসামগ্রী পরিচিতির মাধ্যমে নতুন বাজারে প্রবেশ, ব্যবসায়িক অংশীদার তৈরি এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।