মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। বিশ্বের মোট ৩৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ঢাকার মিরপুর ১ এলাকায় অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর একজন শিক্ষার্থী।
গত শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ার উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরা নগদ ৪০ হাজার মালয়েশিয়ান রিংগিত (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৭ হাজার ২৯৭ টাকা) পুরস্কার পেয়েছেন। এর পাশাপাশি তিনি একটি সম্মাননা ট্রফি এবং ৩ হাজার রিংগিত মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার ৩০০ টাকা) স্বর্ণের বার লাভ করেন। এছাড়া পুরস্কার হিসেবে তিনি ৫ হাজার রিংগিত মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা) একটি ওমরাহ পালন অথবা মুসলিম পর্যটন প্যাকেজের সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য যে, মারকাযু ফয়জিল কোরআনের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা দীর্ঘদিনের। এর আগে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ এবং সাদ নুরসহ আরও অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করে মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ তাআলা যেন হিরাসহ আমাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।”