মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর দীর্ঘদিনের সহধর্মিণী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর ঠিক দুই দিন পর গতকাল মঙ্গলবার রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। আজ বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১০১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, তাঁর সহযোগী সুফি ইউসুফ জানিয়েছেন, মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কোন কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিক রোগনির্ণয় না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও তিনি জানান।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন এবং এর আগে তাঁর বাইপাস সার্জারিও সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার স্ত্রীকে হারানোর দুই দিনের মাথায় তাঁকে হাসপাতালে নেওয়া হলো।
মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন একজন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। তাঁদের দাম্পত্য জীবন ছিল ৭০ বছরের। ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান তিনি। স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে দৃশ্যত আবেগাপ্লুত দেখা গেছে। তাঁর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে। সেখানে দেশটির সাবেক রাজার সঙ্গে কথা বলার সময় চোখের পানি মুছতে মুছতে মাহাথিরকে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’