নদীভাঙনের প্রকোপে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় স্বেচ্ছাশ্রম এবং আর্থিক সহায়তার মাধ্যমে নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে।
গত সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর মেকলি গ্রামে একটি দোয়া মাহফিলের মাধ্যমে এই নির্মাণকাজের সূচনা করা হয়। এরপর আয়োজিত এক মতবিনিময় সভা শেষে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের পশ্চিম চর মেকলি থেকে চর পশ্চিম থানিরাম পর্যন্ত ধরলা নদীর তীরবর্তী এলাকায় এই বাঁধটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনুস আলীর বাড়ি থেকে হুজুর আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই বাঁধের ওপরের অংশের প্রস্থ হবে ৫০ ফুট এবং দুই পাশের ঢালসহ মোট বিস্তৃতি হবে ১০০ ফুট। ইতিমধ্যে কয়েক শ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে এই নির্মাণকাজে অংশ নিয়েছেন। স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে কাজটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পুরো নির্মাণকাজ শেষ করতে প্রায় ছয় লাখ টাকার প্রয়োজন হবে।
এলাকাবাসী ফারুক হোসেন ও আহাদ আলী জানান, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙনের ফলে তাদের বসতভিটা ও ফসলিজমি বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এখনো কয়েকশ বাড়িঘর ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে চর পশ্চিম থানিরাম এলাকার মানুষের মধ্যে ভাঙন নিয়ে আতঙ্ক সবচেয়ে বেশি।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন বলেন, “ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি আমরা। মানববন্ধনও করা হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “নদীভাঙন থেকে নিজেদের বসতভিটা রক্ষায় গ্রামবাসীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাঁধটি নির্মিত হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে।” তিনি এই মহৎ উদ্যোগে এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।