কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মো. লুৎফর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজনৈতিকভাবে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এই অভিযানটি চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকান রয়েছে। ওই দোকানে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।
লুৎফর রহমান ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। রাজনৈতিক পরিচয়ে জাসাসের সাবেক পদধারী লুৎফর রহমানের মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি এই মুহূর্তে স্টেশনে নেই।