কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্যগুলো।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য এবং সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার আইনজীবী মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে আইনজীবী আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং মো. শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা মোট ইয়াবা ট্যাবলেটের সংখ্যা ১৯৫ পিস, যার মোট ওজন ১৯.৫ গ্রাম। পাশাপাশি পলিথিনসহ উদ্ধার করা হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উপপরিচালক মো. শাহনেওয়াজ জানান, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।”

এদিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।