কক্সবাজারের টেকনাফ এলাকায় সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশ অংশে এই অভিযানটি পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল ওই এলাকায় সকালে বিশেষ অভিযান শুরু করে। তল্লাশির সময় সমুদ্রসীমায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করেন।
তিনি বলেন, “কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত তিনটি বস্তা সাগরে ফেলে দেয়। এরপর বোটটি নিয়ে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায় তারা।”
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা সাগরে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। তল্লাশিতে ওই বস্তাগুলো থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দ করা এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।
জব্দ করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।