রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন সময়ে মামলা নিষ্পত্তি এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঘটনার মাত্র চার দিনের মাথায় পুলিশ এই মামলার অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৭ জুন আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

বিবৃতিতে রামিসা হত্যার করুণ ঘটনার কথা স্মরণ করে আইনমন্ত্রী বলেন, “গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশু রামিসার হত্যাকাণ্ড।” তিনি আরও জানান, ঘটনার পরপরই এবং মামলা হওয়ার আগেই ১৯ মে পুলিশ প্রতিবেশী সোহেল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর ২০ মে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়।

আইনমন্ত্রী উল্লেখ করেন, এই ঘটনাটি পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি নিজে রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবার পাশে দাঁড়িয়েছিলেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলে তাঁদের আশ্বস্ত করেছিলেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশে খুন, ধর্ষণ ও গুমের বিচার না হওয়ায় রামিসার বাবা মামলা করা এবং বিচার পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে জানানো হয়েছিল যে, এ ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর।

এই মামলার বিচারের মাধ্যমে বাংলাদেশের বিচারিক ইতিহাসে সর্বনিম্ন সময়ের মধ্যে আপিল মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। এই সাফল্যে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।

সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার ঘোষণা করেছে যে, যত বাধাই আসুক না কেন, তারা ন্যায়বিচারের পথে হাঁটবে। গত ১৬-১৭ বছরে যাঁরা নিখোঁজ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন কিংবা রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তাঁদের প্রতি নয়, বরং রাষ্ট্রের প্রতিও একটি বড় দায়বদ্ধতা। এই লক্ষ্যে জেলা পর্যায়ে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে প্রয়োজনীয় দল পাঠানো হবে বলে তিনি জানান।

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে পর্যায়ক্রমে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি শুরু হবে। একে রাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার এই দীর্ঘ প্রক্রিয়ায় আইনমন্ত্রী বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতার আহ্বান জানান। এর আগে বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে মারধরের অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। জবাবে আইনমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।