মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময় হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জানতে চান, জিয়াউল আহসানকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না?

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।

সাবেক সেনা কর্মকর্তার আদালতে হাজির করার মুহূর্তের একটি ভিডিওর কথা উল্লেখ করে তাহসিনা রুশদীর বলেন, ‘গত বৃহস্পতিবার যখন তাকে (জিয়াউল আহসান) জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে তিনি এমনভাবে তাঁর অঙ্গভঙ্গি এবং তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ...যেটাতে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। পুলিশ যারা ছিল তারা মনে হচ্ছিল তার প্রটোকল হিসাবে যাচ্ছে।’

এই দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়ে বলেন, ‘এ রকম একজন অপরাধীকে, যার হাতকড়া পরা থাকার কথা, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে। হাতকড়া না পরিয়ে, ডান্ডাবেড়ি না পরিয়ে তাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে!’

বিষয়টির ব্যাখ্যা চেয়ে আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তাহসিনা রুশদীর বলেন, ‘আমার মতো বহু পরিবার এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে সরকার?’

বিএনপি সংসদ সদস্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি স্পষ্ট করেন যে, আসামিকে কারাগার থেকে আদালত পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি সরাসরি আইনমন্ত্রীর আওতাধীন নয়। তবে ঘটনাটি দৃষ্টিগোচর হওয়ার পর জিয়াউল আহসানকে ফেরত নেওয়ার সময় একজন ‘নটরিয়াস ক্রিমিনালকে’ যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘এর পর থেকে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’

সরকার মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো ফরমায়েশি রায় চায় না বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়…আমরা যেমন চাই না, একই সঙ্গে মামলায় এই আসামির ক্ষেত্রসহ আইসিটি ট্রাইব্যুনালে যাদেরকে হাজির করা হচ্ছে তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্য প্রমাণ আছে, সমস্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করছি। যাতে সাক্ষ্যপ্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে এ ধরনের আসামির সাজা হবে। সে রকম একটি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে আমরা এগিয়ে চলেছি। তারও সে রকম একটি সাজার প্রত্যাশা আমরা করছি। সেটা নিশ্চিত করার জন্য আদালতের সামনে সাক্ষ্যপ্রমাণ নথিপত্র উপস্থাপন করছি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনকালের কথা স্মরণ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, গত ১৬-১৭ বছরে দেশে যত গুম-খুন এবং গায়েবি মামলা হয়েছে, সেই সঙ্গে গণ-অভ্যুত্থানের সময় যত মানুষ প্রাণ হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছেন—প্রতিটি ঘটনার ন্যায়বিচারের পথে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

পরিশেষে আইনমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, আওয়ামী লীগের শাসনামলে এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেসব স্থানে তদন্ত দল পাঠানো হবে। এই তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং সাধারণ দেশবাসীর প্রতি আহ্বান জানান।