আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মক্কেলের আর্থিক সামর্থ্যের কথা চিন্তা না করে একজন দায়িত্বশীল আইনজীবী হিসেবে আদালতে দাঁড়াতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

আইন পেশায় সততা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, আদালতের কার্যক্রমে কেবল মক্কেলের ফি বা অর্থের হিসাব করা উচিত নয়। বরং একজন প্রকৃত আইনজীবীর লক্ষ্য হওয়া উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।’

পেশাগত জীবনের পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রাখার পরামর্শ দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘পেশাগত জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ‘আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।’