বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে দায়ের করা ধর্ষণ মামলা ব্যতীত হত্যাসহ যেকোনো মামলা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে তা প্রত্যাহার করা হবে। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও জানান, যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে, তাঁদের একটি নির্ধারিত ছকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের এক অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের করা সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের শুরুতেই এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “যখন মামলা হয় তখন কোনো মামলায় গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা–কর্মী যাঁদের নামে মামলা আছে, তাঁদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।”

সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি অনুরোধ জানিয়ে আইনমন্ত্রী বলেন, “মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।”

মামলা প্রত্যাহারের শর্তাবলী স্পষ্ট করে আইনমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধুমাত্র রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফ্স অ্যান্ড বাট্সের সুযোগ নাই।”

রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। তাঁরা কোনো অনুকম্পা গ্রহণ না করে আদালতের মাধ্যমেই তাঁদের মামলাগুলো নিষ্পত্তি করেছেন।

এর আগে জয়নুল আবদিন ফারুক তাঁর সম্পূরক প্রশ্নে জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে মোট ৮৬টি মামলা করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, এই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালীন একই দিনে দেশের ৬৪টি জেলায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়, যা এখনো প্রত্যাহার হয়নি। তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

এই লক্ষ্য অর্জনে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়। কমিটি বিবেচনা করে যে, মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি চালানো প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কি না। এরপর তারা প্রত্যাহারের সুপারিশ করে।

জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই এবং সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আসাদুজ্জামান জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, আবেদন প্রাপ্তি এবং জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সরকার তা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।