গাজীপুরের মির্জাপুর বাজারে গত ২ নভেম্বর পোশাকশ্রমিকদের আন্দোলনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এই নৃশংস হামলায় গুরুতর আহত হন পোশাকশ্রমিক তৌফিক হোসেন (২৩)। পরদিন ৩ নভেম্বর তার মৃত্যু হয়। ঘটনার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি ময়নাতদন্ত ছাড়াই নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাশ দাফন করা হয়েছে।
মুক্তকণ্ঠের বিশেষ অনুসন্ধানে প্রাপ্ত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন আন্দোলনকারীদের বাধা দিতে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে অবস্থান নিয়েছিল একদল লোক। তাদের মধ্যে ওই মিলের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
তৌফিকের বন্ধু এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বিরের দাবি, নোমান গ্রুপের লোকজন রড ও লাঠি ব্যবহার করে তাকে নির্মমভাবে মারধর করে। তবে মিল কর্তৃপক্ষ একদিকে এই ঘটনার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ১ নভেম্বর থেকে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু হয়। পরদিন ২ নভেম্বর গাজীপুরের ভাওয়াল পূর্ব মির্জাপুর বাজারে অবস্থান নেন আন্দোলনকারী শ্রমিকরা। বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগের শ্রমিক তৌফিক হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তৌফিক যখন মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছিলেন, তখন কিছু লোক তার ওপর চড়াও হয়। এলোপাথাড়ি মারধরের পর গুরুতর আহত অবস্থায় তৌফিককে সেখানে ফেলে রাখা হয়। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার দিনের সিসি ক্যামেরার একটি ফুটেজ মুক্তকণ্ঠের হাতে এসেছে, যা নোমান গার্মেন্টসের কয়েক মিটার দূরে বসানো ছিল। ফুটেজ অনুযায়ী, ২ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে চারজন ব্যক্তি পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। মুক্তকণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, তাদের একজন হলেন মিলের সিকিউরিটি ইনচার্জ রফিক এবং একজন অ্যাডমিন অফিসার রাশেদ। বাকি দুজন ওই প্রতিষ্ঠানের কর্মচারী। ফুটেজে ১টা ৩৬ মিনিটে ভবনের সামনে মিলের শ্রমিক আল আমিনকে অবস্থান নিতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে মিলের কর্মচারী মোহাম্মদ আলী, সৈকতসহ আরও ১০ থেকে ১৫ জন ব্যক্তি আসেন। তাদের মধ্যে বহিরাগত লোকের উপস্থিতিও ছিল। ফুটেজ দেখে আল আমিনকে শনাক্ত করেছে মুক্তকণ্ঠ।
আল আমিন মুক্তকণ্ঠকে বলেন, “আন্দোলনকারীরা যাতে মিলের দিকে যেতে না পারেন, সে জন্য তাদের ওপর নজর রাখতে বলেছিল মিল কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় অনেক প্রভাবশালীকে নিয়ে আসা হয়। ওই সময় সেখানে অবস্থান নেওয়া বেশিরভাগকে তিনি চিনতেন না।”
আল আমিন আরও জানান, তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে মিলের আশপাশে অবস্থান নিয়েছিলেন এবং প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন সদস্য ছিল।
নাম প্রকাশ না করার শর্তে নোমান মিলসের এক নিরাপত্তারক্ষী মুক্তকণ্ঠকে বলেন, “আন্দোলনকারীদের রুখতে বহিরাগতদের এনেছিল মিল কর্তৃপক্ষ।” চাকরির নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিজের নাম প্রকাশ করতে রাজি হননি, তবে তার এই বক্তব্যের ভিডিও প্রমাণ মুক্তকণ্ঠের কাছে রয়েছে। ফুটেজ দেখে তিনি মিলের কর্মচারীদের শনাক্ত করতে পারলেও বহিরাগতদের কাউকে চিনতে পারেননি।
ঘটনার দিন দুপুর ২টা নাগাদ আন্দোলনের পক্ষে ১০ থেকে ১২ জনের একটি শ্রমিক দল মিছিল করে নোমান মিলসের দিকে এগিয়ে এলে সেখানে অবস্থানরত মিল কর্মচারী ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।
সেখানে উপস্থিত ছিলেন তৌফিকের বন্ধু ও লায়লা স্টাইলসের কর্মী সাব্বির। প্রত্যক্ষদর্শী এই শ্রমিক মুক্তকণ্ঠকে বলেন, “আমি ও তৌফিক কারখানা থেকে লাঞ্চ করতে বাসায় আসি। ফেরার পথে শুনতে পাই, গার্মেন্ট ছুটি হয়ে গেছে। এ সময় মির্জাপুর পূর্বপাড়া বাজারের কিছু লোক শ্রমিকদের ধাওয়া করলে আমরা দুজন মাঝখানে পড়ে যাই। আমি রাস্তার এপার চলে আসার পর নোমান গ্রুপের লোকজন রড ও লাঠি দিয়ে বেদম মারধর করতে থাকে। আহত অবস্থায় তৌফিককে সেখানে ফেলে রেখে চলে যায়। পরে তৌফিককে মাটি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাই।”
ঘটনার সময় নোমান মিলসের শ্রমিক শরিফুল ইসলাম ডিউটিতে ছিলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “আমরা ডিউটি অবস্থায় ছিলাম। ২টায় বের হওয়ার পর শুনি, মারামারি হয়েছে। আমাদের অফিসাররা ছিল, তারা লোক ভাড়া করে নিয়ে ছেলেটাকে মারছে। ছেলেটা মারা গেছে। আমরা আর কিছু চাই না। নোমান গ্রুপের যে অফিসার ছিল তাদের বিচার চাই।”
তৌফিকের বড় ভাই মো. হারুন মুক্তকণ্ঠকে জানান, দুপুর ২টার দিকে তার ভাই আহত হন। সঙ্গে থাকা বন্ধু সাব্বির তাকে শনাক্ত করে গাড়িতে তুলে দেন। প্রথমে তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয় এবং পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি সারারাত আইসিইউতে ছিলেন।
হারুন জানান, একজন চিকিৎসক তাকে বলেছিলেন যে এ ধরনের রোগীকে তারা বাঁচাতে পারবেন না এবং তার ভাইকে অন্য কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার দাবি, ৩ নভেম্বর হাসপাতাল থেকে বের করার পর তৌফিক মারা যান।
মৃত্যুর পর স্বজনরা লাশ নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জাপুর ইউনিয়নের সাগর মার্কেট এলাকায় একটি স্কুলের পাশে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। হারুন জানান, জানাজার পর নোমান গার্মেন্টসের লোকজন তাদের সেখানে ১০ মিনিটও থাকতে দেয়নি এবং জানাজা শেষ হতেই দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে বলা হয়।
ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও কোনো মামলা হয়নি এবং ময়নাতদন্ত না করায় তৌফিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কোনো নথিতে নেই। মামলার বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, তারা কোনো মামলা করতে চান না কারণ প্রতিদিনের জীবনযাপন করতেই তাদের কষ্ট হয়, মামলা চালানোর মতো সামর্থ্য তাদের নেই। তবে মরদেহ নিয়ে রওনা দেওয়ার পর জয়দেবপুর থানা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন থানার মাধ্যমে তদারকি করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।
বহিরাগত সন্ত্রাসী এনে শ্রমিক আন্দোলন দমনের অভিযোগ নিয়ে জানতে নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেডে যান মুক্তকণ্ঠের প্রতিবেদক। দীর্ঘ সময় অপেক্ষার পরও কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সিকিউরিটি ইনচার্জ ব্যস্ততার কথা বলে পরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে ফোন করা হলে অ্যাডমিন ম্যানেজার শহিদুল ইসলাম সিকিউরিটি ইনচার্জের মাধ্যমে জানান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না এবং এই ঘটনার সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। অ্যাডমিন ম্যানেজারের ফোন নম্বর চাইলে সিকিউরিটি ইনচার্জ জানান, নম্বর দেওয়ার অনুমতি নেই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “একটি কারখানা বন্ধের জন্য বহিরাগত কিছু লোক সেখানে গিয়ে চাপ সৃষ্টি করে। কারখানা কর্তৃপক্ষ বন্ধ করতে রাজি না হওয়ায় বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।”
জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, “এখনও মামলা হয়নি। ময়নাতদন্তের বিষয়ে আপাতত বলতে পারব না। সবকিছুর তথ্য সংগ্রহের চেষ্টা করছি।”
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক শফিউল আলম মুক্তকণ্ঠকে বলেন, “স্থানীয় প্রশাসনের দায়িত্ব ছিল নিজ উদ্যোগে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করা। এখানে আমরা প্রশাসনের কিছুটা গাফিলতি লক্ষ করছি। তার সুচিকিৎসা যদি সে পেত, হয়তো আজকে আমরা তৌফিককে হারাতাম না। পরিবারের পক্ষ থেকে কেন মামলা করা হয়নি, তা আমাদের বোধগম্য নয়। রাষ্ট্রের পক্ষ থেকেও মামলার বিধান আছে। প্রশাসনের দায়িত্ব ছিল পরিবারকে আইনি সাপোর্ট দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করা।”