বাজারে বিক্রয় হওয়া হলুদের নমুনায় অত্যন্ত ক্ষতিকর সিসাযুক্ত রাসায়নিক লেড সল্ট কিংবা লেড ক্রোমেটের উপস্থিতির আশঙ্কা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে পরীক্ষায় এমন আশঙ্কাজনক ফলাফল সামনে আসায় উজ্জ্বল সোনালি রঙের খোলা আস্ত হলুদ এবং স্থানীয়ভাবে গুঁড়ো করা হলুদ কেনা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের মিনি ল্যাবে চম্পকনগর বাজার থেকে সংগৃহীত এক নমুনা হলুদের গুঁড়ো এবং এক নমুনা আস্ত হলুদ পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমেই প্রাথমিকভাবে ক্ষতিকর লেড সল্ট বা লেড ক্রোমেটের উপস্থিতির আশঙ্কা দেখা দেয়।
বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করার লক্ষ্যে খুব দ্রুতই রেগুলেটরি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংস্থাটির প্রধান কার্যালয়ে ঢাকায় পাঠানো হবে। একই সাথে এই ধরনের ক্ষতিকর হলুদ কোথা থেকে আসছে, সেই উৎস শনাক্ত করার কাজও চলমান রয়েছে। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, “লেড সল্ট বা লেড ক্রোমেটযুক্ত হলুদ মানবদেহের কিডনির ক্ষতি করতে পারে। এতে থাকা সিসা স্নায়ুতন্ত্রের সমস্যা তৈরি করাসহ শরীরে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাজারের খোলা উজ্জ্বল হলুদ রঙের আস্ত হলুদ এবং স্থানীয়ভাবে ভাঙিয়ে তৈরি হলুদের গুঁড়ো কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক আবরণযুক্ত ফ্যাকাশে রঙের আস্ত হলুদ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, হলুদকে অধিক আকর্ষণীয় ও উজ্জ্বল সোনালি রঙের করতে অনেক সময় লেড ক্রোমেট বা মেটানিল ইয়েলোর মতো ক্ষতিকর রঞ্জক ব্যবহার করা হয়। এসব রাসায়নিক রং আস্ত হলুদের গায়েও লাগানো থাকতে পারে। তাই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উজ্জ্বল সোনালি রঙের আস্ত হলুদ না কেনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।