রান্নার তেল বারবার ব্যবহারের ফলে সৃষ্ট পোড়া তেল হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, সঠিক প্রক্রিয়ায় সংগ্রহের মাধ্যমে একে যানবাহনের জ্বালানি বা বায়োডিজেলে রূপান্তর করা সম্ভব। আজ বুধবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক সেমিনারে এই মত ব্যক্ত করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক এই সেমিনারটি সকালে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, “শরীরের দুটি অঙ্গকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এদের একটি হলো মাথা এবং অন্যটি হলো হার্ট। আর হার্টকে সরাসরি আঘাত করে পোড়া তেল।” তিনি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে ব্যবসায়িক পর্যায়েও পোড়া তেলের ব্যবহার পরিহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, “কোনো বিক্রেতা পোড়া তেলে না ভেজে নতুন তেলে শিঙাড়া ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সেটিই কিনবেন।” ক্রেতাদের মনে নিরাপদ খাদ্যের প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করতে তিনি ব্যবসায়ীদের এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি ব্যাখ্যা করেন যে, রান্নার একই তেল যখন ২০০-২৫০ সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘক্ষণ ধরে বারবার ব্যবহার করা হয়, তখন তা ক্ষতিকর পোড়া তেলে পরিণত হয়। তিনি আরও জানান, অধিক তাপমাত্রায় মূলত উপকারী সিস ফ্যাট ধীরে ধীরে ক্ষতিকর ট্রান্স ফ্যাটে পরিবর্তিত হয়। আর এই ট্রান্স ফ্যাটই মূলত শরীরে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকিও তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।
পরিবেশগত প্রভাব নিয়ে কথা বলেন বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ। তিনি জানান, মাত্র ১ লিটার পোড়াতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। এছাড়া পোড়া তেল যেখানে সেখানে ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি করে। তাই স্বাস্থ্য ও পরিবেশের কথা চিন্তা করে পোড়া তেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণই সবচেয়ে কার্যকর সমাধান বলে তিনি মনে করেন।
বায়োটেক এনার্জি প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ২০৩০ সালের মধ্যে প্রতি মাসে এক হাজার টন তেল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আরও জানান, সাভারে অবস্থিত তাদের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল এবং উপজাত পণ্য হিসেবে গ্লিসারিন উৎপাদন করা হচ্ছে, যা পরবর্তীতে বিদেশে রপ্তানি করা হয়।
সেমিনার চলাকালীন দর্শকদের জন্য বায়োডিজেলের কিছু নমুনা প্রদর্শন করা হয়।
শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত একটি মুক্ত আলোচনায় বিএফএসএর কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি এবং দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি রান্নার তেল কখন পোড়া তেলে পরিণত হয়, তা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্র বা কিট দেশের বাজারে সহজলভ্য করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা।