নাহিদা সুলতানা

ইসলামি জীবনদর্শনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গণ্য করা হয় চারিত্রিক পবিত্রতাকে। একটি সুশৃঙ্খল এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে অশ্লীলতা ও বেহায়াপনার সম্পূর্ণ উচ্ছেদ করা অপরিহার্য।

প্রাক-ইসলামি যুগ বা আইয়ামে জাহেলিয়াতের সময়ে আরব সমাজ যখন নৈতিক অবক্ষয় এবং অপসংস্কৃতির অতল গহ্বরে নিমজ্জিত ছিল, তখন মহানবী (সা.) সামাজিক ও নৈতিক সংস্কারের মাধ্যমে এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করেন।

অশ্লীলতার মূল উৎসগুলো চিরতরে বন্ধ করার লক্ষ্যে রাসুল (সা.) যে সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭টি দিকনির্দেশনা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

প্রথমত, দৃষ্টি সংযম। মানবমনের প্রধান প্রবেশদ্বার হলো চোখ। অনিয়ন্ত্রিত দৃষ্টির মাধ্যমেই মন্দ কল্পনা এবং ব্যভিচারের সূচনা হয়। এই কারণে ইসলামি সমাজব্যবস্থায় অশ্লীলতা রোধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দৃষ্টি সংযমের নির্দেশ দেওয়া হয়েছে। রাসুল (সা.) আত্মিক পবিত্রতা অর্জনের প্রধান শর্ত হিসেবে চোখের হেফাজতকে নির্ধারণ করেছেন।

আকস্মিক বা অনিচ্ছাকৃতভাবে দৃষ্টির সম্মুখীন হলে করণীয় সম্পর্কে সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘আমি রাসুলকে আকস্মিক দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৫৯)

দৃষ্টির অপব্যবহারকে নবীজি ‘চোখের ব্যভিচার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘চোখের জিনা হলো (হারাম) দৃষ্টিপাত করা, কানের জিনা হলো (অশ্লীল কথা) শোনা..।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৬১২)। তাই মন্দ দৃষ্টি বর্জন করাই হলো অশ্লীলতার বিরুদ্ধে প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা।

দ্বিতীয়ত, অঙ্গ-প্রত্যঙ্গের পবিত্রতা। মানসিক ও দৈহিক শৃঙ্খলার মূল চাবিকাঠি নিহিত রয়েছে বাকসংযম এবং জৈবিক চাহিদার সঠিক নিয়ন্ত্রণের মধ্যে। মানবচরিত্রের এই সংবেদনশীল অঙ্গ দুটির পবিত্রতা রক্ষার বিনিময়ে মুমিনদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন রাসুল (সা.)।

তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আমার কাছে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিব) এবং দুই ঊরুর মধ্যবর্তী অঙ্গের (লজ্জাস্থান) নিরাপত্তার গ্যারান্টি দেবে, আমি তার জন্য বেহেশতের জিম্মাদার হব।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৭৪)

জিবের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে গিবত, মিথ্যা এবং অশ্লীল কথা ছড়িয়ে পড়ে, আর লজ্জাস্থানের অবাধ ব্যবহার সমাজকে ব্যভিচারের দিকে ঠেলে দেয়।

তৃতীয়ত, নির্জনতা বর্জন। বিপরীত লিঙ্গের মধ্যকার অবাধ মেলামেশা এবং একাকী নির্জন অবস্থান পাপের উদ্রেক ঘটায়। প্ররোচনার এই সামাজিক ফাঁদগুলো আগে থেকেই বন্ধ করার নির্দেশ দিয়েছেন নবীজি।

তিনি বলেন, ‘কোনো পুরুষ যেন কোনো (বেগানা) নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে, কারণ তখন তাদের তৃতীয়জন হিসেবে উপস্থিত হয় শয়তান।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫)

নির্জনতা বর্জনের মাধ্যমে মানুষের নৈতিক পদস্খলনের সম্ভাবনা শুরুতেই নস্যাৎ হয়ে যায়।

চতুর্থত, লজ্জাশীলতা অর্জন। নৈতিকতার অন্যতম মূলভিত্তি হলো লজ্জাশীলতা। এটি অন্তরের এমন একটি গুণ, যা মানুষকে যেকোনো কুরুচিপূর্ণ কাজ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিরত রাখে। যার মধ্যে লজ্জাশীলতা জাগ্রত থাকে, সে নির্জনেও পাপকর্মে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করে।

মহানবী (সা.) বলেন, ‘ইমানের ষাটেরও বেশি শাখা রয়েছে, আর লজ্জাশীলতা হলো ইমানের অন্যতম প্রধান একটি শাখা।’ (সহিহ বুখারি, হাদিস: ৯)

লজ্জাশীলতার চর্চা বৃদ্ধি পেলে সামাজিক অশ্লীলতা আপনাআপনি সংকুচিত হয়ে আসবে।

পঞ্চমত, শালীন ভাষা ব্যবহার। কথাবার্তায় অশ্লীলতা এবং গালাগালি সামাজিক পরিবেশকে দূষিত করে। মুখের কুরুচিপূর্ণ শব্দ মূলত কুৎসিত মানসিকতারই বহিঃপ্রকাশ। ভাষার ব্যবহারে সর্বোচ্চ শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেন, ‘ইমানদার ব্যক্তি কখনো কাউকে খোঁটা দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল বা কুরুচিপূর্ণ কথা বলে না এবং গালিগালাজ করে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৭৭)

ষষ্ঠত, পাপ গোপন রাখা ও তওবা করা। ব্যক্তিগত পর্যায়ে কোনো ভুল বা পাপ সংঘটিত হলে তা গোপন রেখে তওবা করার বিধান দিয়েছে ইসলাম। কোনো পাপকে প্রকাশ্যে চর্চা করা কিংবা সাধারণ মানুষের সামনে আলোচনা করা সামাজিক সংক্রামক ব্যাধির মতো ক্ষতিকর।

রাসুল (সা.) বলেন, ‘আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকেই মাফ করা হবে, তবে প্রকাশ করে দেওয়া ব্যক্তিদের ছাড়া। প্রকাশ করার ধরন হলো, কোনো ব্যক্তি রাতে কোনো (পাপের) কাজ করল, যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সকালে উঠে সে বলল, “হে অমুক! আমি কাল রাতে এই কাজ করেছি।” অথচ তার রব পাপটি গোপন রেখেছিলেন, আর সে সকালে উঠে আল্লাহর দেওয়া পর্দা সরিয়ে ফেলল।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৬৯)

সপ্তমত, সঠিক সময়ে বিবাহ। যৌন নৈরাজ্য ও অশ্লীলতার সয়লাব ঠেকাতে নবীজি একটি বৈধ ও প্রাকৃতিক বিকল্পের সহজলভ্যতা নিশ্চিত করেছেন। চরিত্র রক্ষায় যুবসমাজকে সঠিক সময়ে বিয়ের নির্দেশনা দিয়ে মহানবী (সা.) বলেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কারণ, তা দৃষ্টিকে অধিক সংযত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা পালন করে, কারণ রোজা তার যৌনপ্রবৃত্তিকে দমন করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

নাহিদা সুলতানা : আলেমা ও প্রাবন্ধিক