একজন এতিম মেয়ে, যার সামনে এসে দাঁড়িয়েছে দুটি ভিন্ন মেরুর জীবন। একপাশে বিত্তবান এক পাত্র, আর অন্যপাশে নিঃস্ব এক যুবক। অভিভাবকরা স্বাভাবিকভাবেই ধনীর দিকেই ঝুঁকেছিলেন, কিন্তু মেয়েটির মন পড়ে ছিল সেই দরিদ্র মানুষটির কাছে। চৌদ্দশ বছর আগে মদিনার ঠিক এই সংকটটি নিয়ে এক ব্যক্তি মহানবী (সা.)-এর দরবারে হাজির হন। ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণিত সেই বর্ণনায় লোকটি জানান, তাদের তত্ত্বাবধানে থাকা এক এতিম মেয়েকে একজন গরিব এবং একজন ধনী ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছেন। অভিভাবকরা ধনীর পক্ষপাতি হলেও মেয়েটি গরিব পাত্রকেই পছন্দ করে। এই পরিস্থিতিতে মহানবী (সা.) অত্যন্ত সংক্ষেপে বলে দেন, “ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো আর কিছু আমরা দেখিনি।” অন্য এক বর্ণনায় এসেছে, “বিয়ের মতো আর কিছু দেখা যায়নি।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৭)।
একটি মাত্র বাক্য, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল সামাজিক প্রশ্ন: অভিভাবকের হিসাব কি বড়, নাকি দুজন মানুষের হৃদয়ের টান? অনেকের ধারণা, ইসলামে ভালোবাসার কোনো স্থান নেই এবং বিয়ে মানেই পরিবারের চাপে করা একটি শুষ্ক চুক্তি। কিন্তু এই হাদিসটি সেই প্রচলিত ধারণাকে সম্পূর্ণভাবে খণ্ডন করে। তবে এর অর্থ এই নয় যে, বিয়ের আগে অবাধ সম্পর্ক গড়ে তোলা যায়। নবীজি (সা.) স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, “কোনো পুরুষ যেন মাহরাম ছাড়া কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে।” (সহিহ বুখারি, হাদিস: ৫২৩৩)। এর মূল শিক্ষা হলো, যখন দুজন মানুষের মনে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন তার সবচেয়ে সুন্দর ও নিরাপদ পরিণতি হওয়া উচিত বিয়ে।
এতিম মেয়েটির ঘটনার বিশেষ দিকটি হলো, বিষয়টি গোপন ছিল না; বরং তা প্রকাশ্যে এসেছিল বিয়ের প্রস্তাব ও অভিভাবকের সামনে। ইসলামের নির্দেশনা অনুযায়ী, মনে ভালোবাসা জন্মালে তা গোপন সম্পর্কের পথে না নিয়ে বিয়ের দরজা খোলা রাখা উচিত। ইমাম ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন, নবীজি এখানে এমন এক ওষুধের কথা উল্লেখ করেছেন যা সবচেয়ে কার্যকর এবং এটিই মূলত ‘ইশক’ বা তীব্র আসক্তির আসল চিকিৎসা। (ইবনুল কাইয়িম, আত-তিব্বুন নাবাবি, পৃষ্ঠা ২০৫, দারুল মানার, কায়রো, ১৯৯৮)।
আবদুর রউফ আল-মানাবি-র মতে, কোনো পুরুষের মন যদি কোনো নারীর প্রতি আটকে যায়, তবে তাকে বিয়ে করলে সেই ভালোবাসা আরও বৃদ্ধি পায়। কারণ পরস্পর অনুরাগীদের জন্য বিয়ের মতো আর কিছু দেখা যায়নি; এটি ভালোবাসার শক্তি ও হৃদ্যতা আরও বাড়িয়ে দেয়। (আল-মানাবি, ফাইজুল কাদির শারহুল জামিইস সাগির, ৫/২৯৬, হাদিস ৭০১৭, দারুল মা‘রিফাহ, বৈরুত, ১৯৭২)।
স্পষ্ট যে, বিয়ের আগে সম্পর্কের সীমা নিয়ে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। অপরিচিত নারী-পুরুষের নির্জনবাস বা স্পর্শ জায়েজ নয়। তবে মনের টান, যা মানুষ স্বেচ্ছায় আনে না, তাকে পাপ বলা হয়নি। সেই টানের জন্য ইসলাম যে পথ দেখিয়েছে, তা হলো বিয়ে। এতিম মেয়েটির ঘটনাটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে: বিয়েতে নারীর নিজস্ব মতামতের গুরুত্ব কতটুকু? খানসা বিনতে খিজামের বাবা তাঁকে এমন এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যাঁকে তিনি পছন্দ করতেন না। খানসা নবীজির কাছে অভিযোগ জানালে তিনি সেই বিয়ে বাতিল করে দেন এবং পরবর্তীতে খানসা আবু লুবাবাকে বিয়ে করেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১৩৮)। অন্য এক বর্ণনায় দেখা যায়, এক কুমারী মেয়ে তাঁর বাবার চাপিয়ে দেওয়া অপছন্দের বিয়ের কথা জানালে নবীজি তাঁকে সিদ্ধান্তের স্বাধীনতা দিয়েছিলেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৭৫)।
বর্তমান যুগে ভালোবাসার নামে অনেক সম্পর্ক গড়ে ওঠে, যার ভবিষ্যৎ অনিশ্চিত এবং অনেক ক্ষেত্রে গোপনীয়তা ও অপরাধবোধ কাজ করে। ইসলাম ভালোবাসাকে এই অনিশ্চয়তায় ফেলে না রেখে একটি সামাজিক স্বীকৃতি ও দায়িত্বের কাঠামো প্রদান করেছে। সাহাবি মুগিরা ইবনে শুবা এক নারীকে বিয়ের প্রস্তাব দিতে চাইলে মহানবী (সা.) তাঁকে বলেন, “যাও, তাকে দেখে নাও। এতে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে।” মুগিরা তা-ই করেন, বিয়ে করেন এবং পরবর্তীতে নিজেদের মিলমহব্বতের কথা জানান। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৬৬)। সুতরাং ইসলামে বিয়ে কেবল আবেগহীন সিদ্ধান্ত নয়, বরং ভালোবাসার সম্ভাবনা নিয়ে শুরু হওয়া সম্পর্ককে উৎসাহিত করা হয়েছে।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, “আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা (মাওয়াদ্দাহ) ও দয়া (রাহমাহ) সৃষ্টি করেছেন।” (সুরা রুম, আয়াত: ২১)। এখানে প্রথমটি হলো গভীর প্রেম এবং দ্বিতীয়টি নিঃস্বার্থ মায়া। ভালোবাসা আবেগে শুরু হলেও দাম্পত্য জীবনে বছরের পর বছর পাশে থাকতে থাকতে তা মায়ায় রূপান্তরিত হয়। কোরআন বিয়েকে ‘সুদৃঢ় অঙ্গীকার’ বা ‘মিসাকান গালিজা’ বলে অভিহিত করেছে। (সুরা নিসা, আয়াত: ২১)। এই অঙ্গীকারই ভালোবাসাকে প্রতিকূলতার মুখে টিকে থাকার শক্তি দেয়। সুখে-দুঃখে, অসুস্থতা বা অভাবের সময়ে হাত ধরে রাখার সংকল্পই ভালোবাসার প্রকৃত প্রমাণ।
নবীজির ব্যক্তিগত জীবনেও ভালোবাসা ছিল প্রকাশ্য। আমর ইবনুল আস (রা.) যখন তাঁকে জিজ্ঞেস করেছিলেন মানুষের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় কে, নবীজি সোজা জবাব দিয়েছিলেন, “আয়েশা”। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬২)। খাদিজার মৃত্যুর পরও তিনি তাঁকে বারবার স্মরণ করতেন। আয়েশা (রা.) জানান, নবীজির অন্য স্ত্রীদের কাউকে তিনি এতটা ঈর্ষা করেননি, যতটা করেছেন খাদিজাকে, যদিও তাঁকে কখনো দেখেননি। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, “তাঁর ভালোবাসা আমার অন্তরে আল্লাহই দান করেছেন।” (সহিহ মুসলিম, হাদিস: ২৪৩৫)।
যুবসমাজের প্রতি নবীজি (সা.) নির্দেশ দিয়ে বলেছেন, “হে যুবকেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে অধিক অবনত রাখে এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করে। আর যে সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য ঢালস্বরূপ।” (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)।
বৈধ দাম্পত্য ভালোবাসাকে ইসলাম সওয়াবের কাজ হিসেবে গণ্য করে। তিনি সাহাবিদের বলেছিলেন, “তোমাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে মিলিত হওয়াতেও সদকার সওয়াব রয়েছে।” সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “আল্লাহর রাসুল, আমাদের কেউ নিজের চাহিদা পূরণ করবে, আর তাতেও কি সওয়াব হবে?” নবীজি উত্তর দিলেন, “তোমরা বলো তো, যদি সে হারাম পথে তা পূরণ করত, তবে কি তার পাপ হতো না? ঠিক তেমনি সে যখন হালাল পথে তা পূরণ করে, তখন তার জন্য সওয়াব লেখা হয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১০০৬)।
সেই এতিম মেয়েটির পরিণতির কথা ইতিহাসে লেখা নেই, তবে নবীজির সেই একটি বাক্য আমাদের অনেক কিছু বলে দেয়। সেখানে ভালোবাসাকে সন্দেহের চোখে দেখা হয়নি, বরং তার সামনে বিয়ের দরজা খোলা রাখা হয়েছে। সামাজিক মর্যাদার চেয়ে দুজন মানুষের মনের টানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইসলাম সেই টানকে অস্বীকার বা দমন করেনি, বরং চেয়েছে তা যেন গোপন সম্পর্কের অনিশ্চয়তায় নষ্ট না হয়ে বিয়ের সম্মানজনক বন্ধনে স্থায়ী রূপ পায়। হাদিসটির ব্যাখ্যায় সিন্দি (রহ.) লিখেছেন, “যখন দুজন মানুষের অন্তরে একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা জন্মায়, তখন বিবাহই সেই ভালোবাসাকে স্থায়িত্ব, পবিত্রতা এবং কল্যাণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয়; বিবাহ ছাড়া অন্য কোনো পথে এই ভালোবাসা শুধু ফেতনা ও অস্থিরতাই বাড়ায়।” (আস-সিন্দি, হাশিয়াতুস সিন্দি আলা সুনানি ইবনি মাজাহ, ১/৫৬৯, দারুল জিল, বৈরুত)।