পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং অনুপম অনুভূতি হলো ভালোবাসা। মহাকর্ষ শক্তির টানে যেমন আসমান ও জমিন স্থিতিশীল থাকে, তেমনি পৃথিবীতে ভালোবাসাহীন মানুষের দেখা পাওয়া অত্যন্ত কঠিন। তবে প্রশ্ন জাগে, এই ভালোবাসার উৎস কোথায়? কেন মানুষের হৃদয় এতটা আবেগপ্রবণ হয়ে থাকে?

ইসলামি এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় যে, ভালোবাসা কেবল জাগতিক কোনো বিষয় নয়; বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অমূল্য নেয়ামত। হৃদয়ের গভীর টান, আসক্তি এবং ভক্তিরই নাম ভালোবাসা। আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত নির্দিষ্ট কিছু হরমোন এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস অঞ্চলের উত্তেজনার ফলেই মানুষের ভেতরে এই অচিন্তনীয় অনুভূতির সৃষ্টি হয়। মনের ভেতরের এই আনন্দ ও আবেগ মানুষের চেহারায় ফুটে ওঠে। তবে বিজ্ঞান যাকে হরমোনের প্রভাব হিসেবে বর্ণনা করছে, তার মূল স্রষ্টা আসলে কে?

ইসলামি বিশ্বাস অনুযায়ী, ভালোবাসা ও স্নেহের আসল উৎস স্বয়ং আল্লাহ তাআলা। তিনি নিজেই ‘আল-ওয়াদুদ’ অর্থাৎ সর্বাধিক ভালোবাসাময় ও স্নেহশীল। তাঁর অসীম ভালোবাসারই একটি ক্ষুদ্র অংশ তিনি মানবজাতির হৃদয়ে আমানত হিসেবে প্রদান করেছেন। পবিত্র কোরআনে এই বিষয়ে বলা হয়েছে, ‘তিনিই তাঁর বান্দাদের হৃদয়ে প্রীতি ও ভালোবাসার সঞ্চার করেন।’ (সুরা আল-আনফাল, আয়াত: ৬৩)

আল্লাহ তাআলা নর-নারীর মধ্যকার স্বাভাবিক আকর্ষণ ও ভালোবাসাকে একটি শান্তিময় জীবনের ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। দাম্পত্য ভালোবাসাকে পবিত্র কোরআনে আল্লাহর অন্যতম নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক ভালোবাসা ও দয়া।’ (সুরা আর-রুম, আয়াত: ২১)

অন্য একটি আয়াতে আল্লাহ বলেন: ‘তিনিই আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে এবং তাদের মধ্যে বংশগত ও বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন..।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৫৪)

আল্লাহর দেওয়া এই পবিত্র নেয়ামতকে কলুষিত করার বা যথেচ্ছ ব্যবহারের কোনো সুযোগ নেই। এই শ্রেষ্ঠ উপহারের সঠিক মূল্যায়নের জন্য নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি:

১. পবিত্র বিবাহবন্ধন: পবিত্র কোরআনে সঙ্গী গ্রহণের যে কল্যাণকর বিধান দেওয়া হয়েছে, তা হলো বিয়ে। পশ্চিমা সভ্যতার ‘লিভ টুগেদার’ বা ‘ফ্রি সেক্স’ কালচার মানুষের জীবনে কেবল মরীচিকা, হতাশা ও বিকৃত মানসিকতাই বয়ে আনে। আধুনিক সভ্যতার নামে এটি মূলত জাহেলি যুগে ফিরে যাওয়ারই নামান্তর। বিয়ের পবিত্র ও বৈধ সম্পর্কের মাধ্যমেই ভালোবাসার প্রকৃত মূল্যায়ন এবং প্রকৃত প্রশান্তি লাভ করা সম্ভব।

২. মোহ ও পাপাচার থেকে দূরে থাকা: অনৈতিকতা, সাময়িক কামজ মোহ কিংবা পাপাচারকে ভালোবাসা বলা যায় না। প্রকৃত ভালোবাসা আত্মাকে পবিত্র করে, মানুষকে দায়িত্বশীল করে তোলে এবং কল্যাণের পথে পরিচালিত করে। সাময়িক আবেগের বশবর্তী হয়ে ভালোবাসার নামে কোনো অবৈধ সম্পর্কে জড়ানো আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতার শামিল।

৩. আল্লাহর সীমার ভেতরে থাকা: ভালোবাসা কেবল মানসিক আবেগ নয়, এটি রুহ বা আত্মার খোরাক। যখন ভালোবাসা আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত সীমার ভেতরে থেকে প্রকাশের পথ পায়, তখনই তা বেহেশতি প্রশান্তি লাভ করে।

ভালোবাসাই জীবনের সার্থকতা এবং পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের উৎস। পরম করুণাময় আল্লাহ তাআলার দেওয়া এই শ্রেষ্ঠ নেয়ামতকে সঠিক মূল্য দিয়ে এবং হৃদয়ে পবিত্র ভালোবাসার চর্চা করে মানবজাতি তার ইহকাল ও পরকালকে সুন্দর ও শান্তিময় করে তুলতে পারে।

— সাকী মাহবুব: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী