সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাত্র ৫ লাখ টাকায় কোরিয়ায় উচ্চশিক্ষা’—এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেক শিক্ষার্থী হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেকের ধারণা, কোরিয়ায় পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে এবং লাখ টাকা আয়ের সুযোগ তৈরি হবে। তবে বাস্তব চিত্র সব সময় এতটা সহজ হয় না।
দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর অবস্থানের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, সেখানে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁরা ২০২৭ সালে কিংবা তার পরবর্তী সময়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কোরিয়ায় যেতে ইচ্ছুক, তাঁদের জন্য বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু প্রয়োজনীয় পরামর্শ নিচে তুলে ধরা হলো।
কোরিয়ায় আসার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোরিয়ান ভাষা শেখার ওপর। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বুসানে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন, যাঁরা কোরিয়ায় আসার পর ছয় মাস বা তারও বেশি সময় অতিবাহিত করার পরও কোনো পার্টটাইম বা খণ্ডকালীন চাকরি খুঁজে পাননি। এর পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করে কোরিয়ান ভাষায় দক্ষতার অভাব।
বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। পরিবারের সামর্থ্যের বাইরে গিয়ে বারবার আর্থিক সহায়তা চাওয়ার সুযোগ থাকে না। ফলে কাজ না পেলে একসময় থাকা-খাওয়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়ে এবং কেউ কেউ ভয়াবহ আর্থিক সংকটে নিমজ্জিত হন। অথচ কোরিয়ান ভাষার প্রাথমিক জ্ঞান থাকলে অন্তত কাজ খোঁজা এবং দৈনন্দিন জীবন পরিচালনা করা অনেক সহজ হয়। তাই সবার প্রতি বিনীত অনুরোধ, কোরিয়ায় আসার আগেই অন্তত প্রাথমিক স্তরের কোরিয়ান ভাষা শিখে আসা।
কোরিয়ায় পৌঁছানোর পর অনেক শিক্ষার্থী নিজের খরচ মেটানোর জন্য পার্টটাইম কাজকে অধিক গুরুত্ব দিতে শুরু করেন। কিন্তু শুরুতেই পড়াশোনা ও কাজের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেললে তা পুরো একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝা সহজ। ধরুন, একজন শিক্ষার্থী প্রথম সেমিস্টারে ভালো সিজিপিএ (CGPA) অর্জন করলেন। এর ফলে পরবর্তী সেমিস্টারে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৫০-৬০ শতাংশ বা তার বেশি টিউশন ফি স্কলারশিপ হিসেবে পেলেন। এতে তাঁর পড়াশোনার খরচ অনেকটাই কমে গেল এবং তিনি তুলনামূলক কম কাজ করেও নিজের খরচ সামলাতে পারলেন।
অন্যদিকে, আরেকজন শিক্ষার্থী শুরু থেকেই পড়াশোনার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিলেন। ফলে তিনি ভালো সিজিপিএ অর্জন করতে পারলেন না এবং কোনো স্কলারশিপও পেলেন না। এখন তাঁকে পুরো টিউশন ফি নিজের পকেট থেকে পরিশোধ করতে হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর থাকার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে আসার আগে কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখা জরুরি। প্রথম সেমিস্টারে অতিরিক্ত কাজ করে যে টাকা উপার্জন করেছিলেন, পরের সেমিস্টারে স্কলারশিপ না পাওয়ার কারণে সেই টাকার বড় একটি অংশই আবার টিউশন ফি হিসেবে চলে যাচ্ছে। এভাবে একটি চক্র তৈরি হয়—স্কলারশিপ নেই বলে বেশি কাজ করতে হচ্ছে, আর বেশি কাজের কারণে পড়াশোনার ক্ষতি হচ্ছে; ফলে পরবর্তী সেমিস্টারেও স্কলারশিপ পাওয়া কঠিন হয়ে পড়ছে।
তাই পরামর্শ থাকবে, প্রথম সেমিস্টার থেকেই পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। মনে রাখতে হবে, পার্টটাইম কাজ কেবল খরচ চালানোর একটি মাধ্যম, কিন্তু কোরিয়ায় আসার মূল লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষা অর্জন করা।
কোরিয়ায় এসে পার্টটাইম কাজ করা অনেক শিক্ষার্থীর জন্য একটি বাস্তব প্রয়োজনীয়তা। তবে এখানকার কাজের পরিবেশ সব সময় প্রত্যাশামতো সহজ হবে, এমনটা ভাবার কারণ নেই। অনেক কাজ অত্যন্ত শারীরিক পরিশ্রমের হয়; কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, আবার কোথাও অত্যন্ত দ্রুত কাজ করতে হয়। এছাড়া অনেক ক্ষেত্রে কোরিয়ান ভাষা জানা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি হয়ে পড়ে।
অনেকে দেশে থাকাকালীন মনে করেন কোরিয়ায় গিয়ে সহজেই ভালো পার্টটাইম কাজ পেয়ে যাবেন। কিন্তু বাস্তবে কাজ খুঁজতে সময় লাগতে পারে এবং পছন্দমতো কাজ পাওয়া সব সময় সম্ভব হয় না। তাই যাওয়ার আগে কাজের পরিবেশ সম্পর্কে ধারণা রাখা এবং সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি বা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন।
পরিশেষে বলা যায়, দক্ষিণ কোরিয়ায় আসার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক সামর্থ্য, পড়াশোনার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মানিয়ে নেওয়ার সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা উচিত। শুধু বিদেশে যেতে পারাটাই চূড়ান্ত সাফল্য নয়। স্বপ্ন নিয়ে আসুন, তবে বাস্তবতাকে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ।