বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সঠিক বিষয় নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং বৃত্তির খুঁটিনাটি তথ্য নিয়ে আয়োজিত হয়েছিল ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। দুই দিনের এই জমকালো আয়োজনটি সম্প্রতি শেষ হয়েছে।
গত শুক্রবার ও আজ শনিবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে মুক্তকণ্ঠ ও ব্রিটিশ কাউন্সিল। উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকেরা এই মেলায় ভিড় করেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই আয়োজন। আজ ছিল মেলার শেষ দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা মেলায় আসতে শুরু করেন এবং বিশেষ করে বিকেলে মেলা প্রাঙ্গণে তাঁদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’—এই স্লোগানের আওতায় আয়োজিত মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া-সম্পর্কিত তথ্যের পাশাপাশি স্কলারশিপ এবং আবেদনবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এ এইচ জেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালট্যান্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
এছাড়া মেলা প্রাঙ্গণে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল ছিল। পুরো আয়োজনের ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় কাজ করেছে আম্বার আইটি লিমিটেড।
সশরীরে আয়োজনের পাশাপাশি গতকাল মুক্তকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থাপক নুসরাত জেরির সঞ্চালনায় আয়োজিত এসব লাইভে আলোচকেরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই বিশেষ ফেসবুক লাইভ টক শো-তে উপস্থিত ছিলেন।
মুক্তকণ্ঠের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘গতবারের ধারাবাহিকতায় এবারও আমরা স্টাডি অ্যাব্রোড ফেয়ারের অফলাইন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি।’ তিনি ব্রিটিশ কাউন্সিল, ইস্টার্ন ব্যাংকসহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের এক প্ল্যাটফর্মেই সব তথ্যসেবা দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
দুই দিনের এই আয়োজনে অভূতপূর্ব সাড়া পাওয়ার কথা জানিয়ে ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন; ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) শেহরীন শিবলী বলেন, ‘যে উদ্যম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আইইএলটিএস এবং স্টাডি অ্যাব্রোড নিয়ে জানতে চেয়েছেন—বিষয়টি এখানে উৎসবের আবহ সৃষ্টি করেছে।’
এদিকে, যারা সশরীরে মেলায় উপস্থিত হতে পারেননি, তাদের সুবিধার্থে ওয়েবসাইট https://www.studyabroadfair.pro/-এ আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই মেলার অনলাইন আয়োজন চলবে। সেখানে ঘরে বসেই বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।