উন্নত ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, আধুনিক শিক্ষাপদ্ধতি এবং গবেষণার ব্যাপক সুযোগের কারণে বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সঠিক পরিকল্পনা, যথাযথ প্রস্তুতি এবং নির্ভরযোগ্য তথ্যের সঠিক উৎস।

শিক্ষার্থীদের এই স্বপ্ন পূরণে সহায়তা করতে মুক্তকণ্ঠ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। এই আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ এই স্লোগানকে সামনে রেখে দুই দিনের এই অফলাইন আয়োজন চলবে আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। মেলাটিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপের বিস্তারিত তথ্য এবং আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের সরাসরি সঠিক পথ দেখাতে মেলায় দেশের শীর্ষস্থানীয় শিক্ষা-পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪০টিরও বেশি স্টল সাজানো হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। এছাড়া মেলায় প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল থাকছে। ডিজিটাল কানেক্টিভিটি সহায়তার দায়িত্ব পালন করছে আম্বার আইটি লিমিটেড।

দুই দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ ফেসবুক লাইভ সেশনের পরিকল্পনা করা হয়েছে। মেলাপ্রাঙ্গণ থেকে সরাসরি এই আলোচনার মাধ্যমে তাঁরা উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেবেন এবং নিজেদের বিভিন্ন সার্ভিস ও অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন।

শারীরিক উপস্থিতির মাধ্যমে আয়োজিত এই অফলাইন মেলার পাশাপাশি www.studyabroadfair.pro ওয়েবসাইটে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠানের সেবা এবং বিশেষ অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।