বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। মুক্তকণ্ঠ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলাটি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি এই আয়োজনের ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’—এই স্লোগানকে সামনে রেখে দুই দিনের এই অফলাইন আয়োজন চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সাধারণ শিক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ফারিয়া রহমান ও মাইদুল ইসলাম। ইউরোপে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে তাঁদের। মাইদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘এখানে এসে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি। আমাদের কঠিন কাজটি সহজ করবে এই উদ্যোগ।’
অন্যদিকে, প্রকৌশল বিষয়ে বিদেশে পড়াশোনার ইচ্ছা পোষণ করা ফারিয়া রহমান মেলায় এসে বলেন, ‘একই ছাদের নিচে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে পেয়েছি। বেশ কিছু পরামর্শ পেয়েছি। আশা করছি, তাদের পরামর্শ কাজে দেবে।’
রাজধানীর বনশ্রী এলাকা থেকে মায়ের সঙ্গে মেলায় এসেছিলেন উচ্চমাধ্যমিক শেষ করা ইমতিয়াজ আহমেদ। স্নাতক ডিগ্রির জন্য তিনি বিদেশে যেতে আগ্রহী। তাঁর মা ফারজানা চৌধুরী মেলাটি সম্পর্কে বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। অনেক প্রতিষ্ঠানের সেবা এক জায়গায় পেয়েছি। কয়েকটি প্রতিষ্ঠানের ফোন নম্বর রেখেছি। পরে যোগাযোগ করে আরও বিস্তারিত জানব।’
বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তি প্রক্রিয়ার খুঁটিনাটি তথ্য, স্কলারশিপের সুযোগ এবং আবেদনের সঠিক দিকনির্দেশনা দিতে এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা-পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানের স্টল সাজানো হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল স্থান পেয়েছে। ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় কাজ করছে আম্বার আইটি লিমিটেড।
দুই দিনের এই অফলাইন আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ ফেসবুক লাইভ সেশন। মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং তাদের বিশেষ সার্ভিস ও অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এছাড়া, যারা সরাসরি মেলায় উপস্থিত হতে পারছেন না, তাদের জন্য আজ থেকে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন শুরু হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।