রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ মেলায় উচ্চশিক্ষার তথ্যের খোঁজে ভিড় করেছেন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক। মুক্তকণ্ঠ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলাটি গতকাল শুক্রবার শুরু হয়ে আজ শনিবার শেষ হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজনটি চলমান রয়েছে।
মেলায় আসা মিনহাজ হোসেন নামের এক দর্শনার্থী জানান, তিনি বর্তমানে একটি গবেষণা সংস্থায় কর্মরত। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তিনি, তবে সাথে পরিবার নিয়ে যেতে চান। ডিগ্রি সম্পন্ন করার পর তিনি পুনরায় দেশে ফিরে আসার ইচ্ছা পোষণ করেন। মিনহাজ হোসেন বলেন, ‘উচ্চশিক্ষার জন্য আমাকে বিদেশে যেতে হবে। তবে আমি চাই সঙ্গে পরিবারকে নিয়ে যেতে। ডিগ্রি শেষে আবারও ফিরে আসব দেশে। তবে ভালো পরামর্শক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না। তাই এই মেলায় আসা।’ তিনি আরও জানান, ‘পরিবারকে দেশে রেখে যেতে চাই না। তাই ভালো প্রতিষ্ঠানের খোঁজে আছি।’
গতকাল ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় আরও মুখর হয়ে ওঠে। আজ শনিবার শেষ দিনেও সকাল থেকেই একইভাবে ভিড় জমিয়েছেন আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
পুরান ঢাকা থেকে বন্ধুদের সাথে মেলায় এসেছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রাইসা মেহেরিন। স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। রাইসা বলেন, ‘এখনো চূড়ান্ত পরিকল্পনা সাজাতে পারিনি। বিদেশে পড়তে যাওয়া এখন আগের চেয়ে কঠিন। তাই ভালো প্রতিষ্ঠানের খোঁজে আছি।’
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’—এই স্লোগানের আওতায় আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলাটিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এ এইচ জেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালট্যান্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
এছাড়া মেলা প্রাঙ্গণে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল স্থাপন করা হয়েছে। পুরো আয়োজনের ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় কাজ করছে আম্বার আইটি লিমিটেড।
সশরীরে উপস্থিতির পাশাপাশি আজ বেলা ১১টা, দুপুর ১২টা এবং বেলা ১টায় মুক্তকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। উপস্থাপক নুসরাত জেরির সঞ্চালনায় এই লাইভ সেশনগুলোতে আলোচকেরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আজ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পুনরায় এই বিশেষ ফেসবুক লাইভ টক শো অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, যারা সশরীরে মেলায় উপস্থিত হতে পারেননি, তাদের সুবিধার্থে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মেলার অনলাইন আয়োজন চলবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে ঘরে বসেই বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা।