শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এর প্রথম দিনের কর্মসূচি। মুক্তকণ্ঠ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই উচ্চশিক্ষা মেলাটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই আসরে বিদেশে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন আগত দর্শনার্থীরা। দুই দিনব্যাপী এই বিশেষ আয়োজনের দ্বিতীয় ও শেষ দিন আগামীকাল শনিবার।

আজ সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি তরুণ প্রজন্মের পদচারণায় মুখর হয়ে ওঠে। ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের দেশে উচ্চশিক্ষার সুযোগ, ভিসা প্রক্রিয়া এবং স্কলারশিপের বিস্তারিত জানতে মেলায় ভিড় করেন।

রাজধানীর মিরপুর থেকে বিকেলে তাঁর মায়ের সঙ্গে মেলায় এসেছিলেন শ্রাবণী আক্তার। ঢাকার বাইরের একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শ্রাবণী সামাজিক বিজ্ঞানে উচ্চতর ডিগ্রির জন্য অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী।

শ্রাবণী মুক্তকণ্ঠকে বলেন, ‘মেলা শুক্রবার হওয়ায় ভালো হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে। অনেকগুলো প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি। সবাই ভালো ভালো অফার দেখিয়েছে। আমার জন্য খুব কাজে দেবে।’

একইভাবে উচ্চশিক্ষার আগাম প্রস্তুতি নিতে ধানমন্ডি থেকে বাবা মহসিন হোসেনের সঙ্গে মেলায় আসেন রাজীব হোসেন। স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব জানান, তিনি আগে থেকেই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজীব বলেন, ‘আমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই মেলার খোঁজ পেয়েছি মুক্তকণ্ঠের পেজে। এখানে এসে ভালোই লাগছে। বিদেশে যাওয়ার প্রস্তুতির জন্য বেশ কিছু বিষয়ে জানার ছিল। সেগুলো জানতে পেরেছি।’

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’—এই স্লোগানের আওতায় আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। আগামীকাল শনিবারও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

শিক্ষার্থীদের সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা-পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।

এছাড়া মেলা প্রাঙ্গণে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল স্থাপন করা হয়েছে। পুরো আয়োজনের ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় কাজ করছে আম্বার আইটি লিমিটেড।

সশরীরে উপস্থিতির পাশাপাশি আজ বেলা সাড়ে ৩টা, বিকেল সাড়ে ৪টা ও সাড়ে ৫টায় মুক্তকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। উপস্থাপিকা তমা রশিদের সঞ্চালনায় এই লাইভ সেশনগুলোতে আলোচকেরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রেকমেন্ডেশন লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আগামীকালও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুরূপ ফেসবুক লাইভ টকশো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, যারা সশরীরে মেলায় উপস্থিত হতে পারছেন না, তাদের সুবিধার্থে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে এই ফেয়ারের অনলাইন আয়োজন চলবে। সেখানে ঘরে বসেই বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা।