সময়, পরিবেশ এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে শব্দের রূপ ও অর্থও বদলে যায়। কোনো শব্দ হয়ে ওঠে আতঙ্কের, কোনোটি মৃত্যুভয়ের, আবার কোনোটি হয়ে ওঠে আশার আলো বা বেঁচে থাকার দৃঢ় প্রত্যয়ের। উদাহরণস্বরূপ, মহামারি করোনাকালে জ্বর, হাসপাতাল, বেড, ভিটামিন সি, নেগেটিভ, পজিটিভ, যুদ্ধ, চার দেয়াল, মনোবল এবং জীবনসংগ্রামের মতো শব্দগুলো আমাদের জীবনের অর্থ ও বাস্তবতাকে নতুন আঙ্গিকে চিনিয়েছে। শুধু তাই নয়, সেই সময়ে শব্দগুলো তাদের চিরাচরিত অর্থসীমা অতিক্রম করে এক নতুন তাৎপর্য ধারণ করেছিল, যা মানুষের ব্যক্তিগত জীবন ও সামাজিক বাস্তবতায় এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছিল। শিল্পী সুমনা আক্তার করোনাকালের সেই বন্দি জীবনের অভিজ্ঞতা থেকে নকশিকাঁথার সুই-সুতোর বুননে এই শব্দগুলোকে দৃশ্যমান করে তুলেছেন। এর ফলে শব্দগুলো আর কেবল ভাষিক চিহ্ন হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছে একটি বিশেষ সময়ের স্মৃতি, অনুভূতি এবং জীবনসংগ্রামের এক দৃশ্যমান শরীর।
রাজধানীর কলাকেন্দ্রে আয়োজিত সুমনা আক্তারের এই দৃশ্যশিল্প প্রদর্শনীর নাম ‘অবিন্যস্ত সংলাপেরা’। কিউরেটর কৌর চিমুকের বিন্যাসে সাজানো এই প্রদর্শনীতে শব্দ, শরীর, স্মৃতি এবং সামাজিক বাস্তবতার মধ্যকার বহুমাত্রিক সম্পর্কের এক অনুসন্ধান চালানো হয়েছে। প্রদর্শনীর একটি বিশেষ অংশে শিল্পী সমাজের প্রচলিত সেই সব অবমাননাকর শব্দগুলো ফুটিয়ে তুলেছেন, যা সাধারণত নারীর প্রতি ব্যবহৃত হয়। সেখানে স্থান পেয়েছে— “বেপর্দা, খানকি, কালমুখী, কালসাপিনী, পোড়ামুখী, আটকুন্নি, নষ্টা, বেশ্যা, মাগি” ইত্যাদি শব্দ। এই শব্দগুলোর মাধ্যমে নারীর শরীর, পোশাক এবং চলাফেরাকে নিয়ন্ত্রণ করার যে পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজে বিদ্যমান, তা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
এই শিল্পকর্মে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়নি, বরং তা অপমান এবং সামাজিক নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে উপস্থাপিত হয়েছে। দীর্ঘকাল ধরে যে সেলাই ও নকশিকাঁথাকে নারীর গৃহস্থালি শ্রমের অংশ হিসেবে দেখা হয়েছে, শিল্পী সেই মাধ্যমটিকেই এখানে প্রতিবাদের ভাষায় রূপান্তর করেছেন। তাঁর ‘পরিচয় সংকট’ সিরিজের চিত্রকর্মে নারীর মুখাবয়বের অভিব্যক্তির মাধ্যমে বিভিন্ন অনুভূতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। যে শব্দগুলো মানুষকে আঘাত করে, শিল্পী সেই শব্দগুলোকেই সুই-সুতোর বুননে লিখে দিয়েছেন। এছাড়া দর্শকদের জন্য রাখা হয়েছে শব্দযুক্ত সিল, যার ছাপ ব্যবহারের মাধ্যমে দর্শনার্থীরা শব্দরূপের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ পুঁইশাকগাছের শাখা-প্রশাখার আদলে তৈরি ‘বিষণ্ন শাখা’ নামক কোমল ভাস্কর্যটি। এটি প্রকৃতি এবং মানুষের প্রতিদিনের দেনা-পাওনার স্মৃতিকে ধারণ করে। করোনাকালে ঘরের সামনে থাকা একটি পুঁইশাকগাছের পাতা দিয়ে প্রতিদিন ছেলের জন্য খিচুড়ি রান্না করার ব্যক্তিগত স্মৃতি শিল্পীর কাছে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এক নিবিড় সম্পর্কের সাক্ষ্য। সেই সাধারণ গাছ এবং তার পাতা থেকে আসা প্রতিদিনের আহার ক্রমে বৃহত্তর পরিবেশগত অনিশ্চয়তা এবং মানুষের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির পারস্পরিক নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।
প্রদর্শনীর আলো-আঁধারির কক্ষ, শব্দ, ভিডিও, দেয়ালে লেখা এবং ঝুলন্ত তন্তুর বিশেষ বিন্যাস দর্শককে কেবল দেখার অভিজ্ঞতায় সীমাবদ্ধ রাখে না। বরং এটি এমন এক সংবেদী পরিবেশ তৈরি করে, যেখানে দর্শকের নিজস্ব শরীর যেন শব্দ ও স্মৃতির ভেতরে প্রবেশ করে। মনে হয়, পুরো প্রদর্শনীকক্ষটিই একটি পূর্ণাঙ্গ শিল্পকর্ম, যার ভেতরে দর্শক ধীরে ধীরে বিলীন হয়ে যান। এভাবে সুমনা আক্তারের ‘অবিন্যস্ত সংলাপ’ ব্যক্তিগত ক্ষত, সামাজিক ভাষা এবং প্রকৃতির স্মৃতিকে একটি অভিন্ন শিল্প-অভিজ্ঞতায় রূপ দিয়েছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তিগত ক্ষতগুলো সমাজের মানুষের সামনে প্রশ্ন ছুড়ে দেয় এবং তাদের ভাবিয়ে তোলে।
গত ৩১ অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীটি আগামী ২১ নভেম্বর পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।