জাহরা নাদের একজন অভিজ্ঞ আফগান সাংবাদিক, যিনি একসময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং সেখান থেকেই পরিচালনা করছেন অনলাইন নিউজ পোর্টাল 'জান টাইমস'। আফগানিস্তানের অন্যতম সরকারি ভাষা দারিতে ‘জান’ শব্দের অর্থ হলো নারী। থাইল্যান্ডের চিয়াংমাইয়ে কনরাড অ্যাডেনাউয়ার স্টিফটুংয়ের (কাস) মিডিয়া প্রোগ্রাম এশিয়ার ৩০তম বার্ষিকীর আয়োজন চলাকালীন ৬ নভেম্বর মুক্তকণ্ঠের সাথে এক সাক্ষাৎকারে তিনি তাঁর সাংবাদিকতায় আসার গল্প, তালেবান শাসনে আফগান নারীদের করুণ জীবন এবং এই চরম প্রতিকূলতার মাঝেও তাঁর অটুট আশাবাদের কথা ব্যক্ত করেন। মনজুরুল ইসলাম তাঁর এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন।
বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার আগে তাঁর শৈশব সম্পর্কে জানতে চাওয়া হলে জাহরা নাদের বলেন, “তালেবান প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে আমাদের পরিবার ইরানে পালিয়ে যায়। আমার বয়স তখন ছয় বছর। ইরানে আফগান শরণার্থীদের প্রতি অনেক বর্ণবিদ্বেষ ছিল। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমাকে স্কুলে যেতে দেওয়া হয়নি বলে। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ট্রমা তৈরি করেছে। এত বছর পরও ভুলতে পারিনি, কী অবস্থার মধ্য দিয়ে গেছি।”
তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে তাঁর একমাত্র স্বপ্ন ছিল শিক্ষালাভ করা। তাই বর্তমানে আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার খর্ব করার বিষয়টি তাঁর ব্যক্তিগত জীবনের কষ্টের সাথে গভীরভাবে মিশে আছে। ২০০৩ সালে তিনি পুনরায় আফগানিস্তানে ফিরে এসে কাবুলে বসবাস শুরু করেন এবং প্রথমবারের মতো স্কুলে যাওয়ার সুযোগ পান। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগত এবং সেখানে কোনো স্থায়ী ক্লাসরুম ছিল না; অধিকাংশ ক্লাসই ইউনিসেফের দেওয়া তাঁবুতে চলত। তবে সেই সীমাবদ্ধতার মাঝেও তিনি অত্যন্ত খুশি ছিলেন, কারণ তিনি অবশেষে স্বপ্ন দেখার এবং দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছিলেন।
সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহের কথা জানতে চাওয়া হলে জাহরা নাদের জানান, ছোটবেলায় তিনি শিক্ষক হতে চেয়েছিলেন, সাংবাদিকতার কথা ভাবেননি। তবে আকস্মিকভাবেই তিনি এই পেশায় আসেন। কাবুলের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে কবিতা জমা দিতে গিয়ে তিনি সেখানে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পান এবং সানন্দে তা গ্রহণ করেন। তিনি মনে করেন, আফগানিস্তানের একটি প্রান্তিক জনগোষ্ঠীর নারী হিসেবে সাংবাদিকতা তাঁকে এক ধরনের শক্তি দিয়েছে। তাঁর ভাষায়, “সাংবাদিকতায় থেকে গেলাম, কারণ আফগানিস্তানের একটি প্রান্তিক জনগোষ্ঠীর নারী হিসেবে এই পেশায় আমি কিছুটা শক্তি খুঁজে পেয়েছিলাম। আমার মতো মানুষের সাধারণত প্রশ্ন করার, রাজনীতি নিয়ে কথা বলার বা ক্ষমতাবানদের জবাবদিহির মুখে দাঁড় করানোর সুযোগ ছিল না। সাংবাদিকতা আমাকে সেই সুযোগ দিয়েছিল।”
নিজের প্রথম প্রভাববিস্তারকারী প্রতিবেদনের কথা মনে করে তিনি বলেন, “মনে আছে, আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় লিখেছিলাম। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৪০ দিনের মধ্যে পুরো কাবুলে বিদ্যুৎ পৌঁছাবে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও আমাদের এলাকায় বিদ্যুৎ আসেনি। তাই প্রশ্ন করেছিলাম, আমাদের বিদ্যুৎ নেই কেন? আমাদের এলাকায় কেন পৌঁছাচ্ছে না?” এই অভিজ্ঞতার মাধ্যমেই তিনি উপলব্ধি করেন যে, সমাজের অবহেলিত সমস্যাগুলো সামনে এনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করা সম্ভব।
২০১৭ সালে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির কারণে তিনি আফগানিস্তান ছেড়ে কানাডায় চলে যান। সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, “২০১৭ সালে আফগানিস্তান ছাড়ার সময় আমি দ্য নিউইয়র্ক টাইমস–এ কাজ করছিলাম। নিরাপত্তা পরিস্থিতি তখন খুব খারাপ। প্রায় প্রতিদিন কাজে যাওয়ার পথে মনে হতো, কোথাও একটা বোমা বিস্ফোরিত হতে পারে, আর এই যুদ্ধের মধ্যে কোনো দোষ ছাড়াই আমরা মারা যেতে পারি। আমার ছেলের বয়স তখন চার বছর। আমি চেয়েছিলাম, সে এমন অধিকার ও সুযোগ নিয়ে বড় হোক, যা ইরানে শরণার্থী শিশু হিসেবে বেড়ে ওঠার সময় আমি পাইনি।”
কানাডায় গিয়ে পেশাগত জীবন ধরে রাখা তাঁর জন্য সহজ ছিল না। অনেকে তাঁকে কফিশপে কাজ করার বা কেবল সন্তান লালন-পালনের পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু তিনি দমে যাননি। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স করেন এবং পরবর্তীতে নারী ও জেন্ডার স্টাডিজে পিএইচডি শুরু করেন। তালেবান পুনরায় ক্ষমতা দখলের সময় তিনি কানাডায় তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করছিলেন।
যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাসবিরোধী যুদ্ধের সাথে তালেবানের কর্মকাণ্ডের তুলনার বিষয়ে তিনি বলেন, “তালেবান ক্ষমতা দখলের পর প্রথম টার্গেট ছিল নারীরা। প্রথম সপ্তাহেই নারীদের বলা হলো, বাড়িতে থাকুন, কাজে আসবেন না। প্রথম মাসের মধ্যেই মেয়েদের বলা হলো, তোমরা স্কুলে যেতে পারবে না। এরপর বিশ্ববিদ্যালয়ের দরজাও নারীদের জন্য বন্ধ হয়ে গেল। তাঁরা একা চলাফেরার অধিকার হারালেন। কী পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও হারালেন। আফগানিস্তানে তালেবান ‘ওয়ার অন উইমেন’ বা নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।”
তিনি এই পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন কারণ তালেবানের লক্ষ্য হলো সমাজ থেকে নারীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা। তিনি মনে করেন, তালেবান এমন এক দুঃস্বপ্নের সমাজ গড়তে চাইছে যেখানে কেবল পুরুষদেরই অস্তিত্ব থাকবে। যদিও পুরুষরাও ভালো নেই, তবে গত পাঁচ বছরে নারীদের জনজীবন থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রকট।
আফগানিস্তানে নারীদের সাংবাদিকতার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ’ আইনের কারণে নারীদের জনসমক্ষে কথা বলা বা মুখ দেখানো নিষিদ্ধ। বাইরে বের হতে হলে পুরুষ অভিভাবকের প্রয়োজন হয়। তিনি বলেন, “কাবুলের মতো শহরে এখনো কিছু সংবাদমাধ্যম আছে, যেখানে নারীদের মুখ না দেখা গেলেও তাঁদের কণ্ঠে প্রতিবেদন শোনা যায়। প্রদেশগুলোর কিছু রেডিও স্টেশনেও নারীরা কাজ করেন। কোনো কোনো অফিসে নারী ও পুরুষকে আলাদা রাখা হয়। কিন্তু স্বাধীনভাবে প্রতিবেদন করার সুযোগ তাঁদের খুবই কম। বিশেষ করে নারী অধিকার, স্কুল বন্ধ থাকা বা নারীর স্বাস্থ্য নিয়ে।”
অনেক নারী বিনা বেতনে কাজ করছেন কেবল একটি সনদ পাওয়ার আশায়। এমনকি সংবাদ সম্মেলনে প্রবেশ করতে গিয়েও তাঁরা বাধার সম্মুখীন হন। জাহরা নাদের জানান, তালেবান কর্মকর্তারা অনেক সময় নারীর সাথে কথা বলাকে ‘পাপ’ মনে করে কথা বলতে অস্বীকার করেন। বর্তমানে অধিকাংশ নারী প্রকাশ্যে কাজ না করলেও অনেকে গোপনে বা দেশের বাইরের সংবাদমাধ্যমের হয়ে প্রতিবেদন তৈরি করছেন।
২০২২ সালে ‘জান টাইমস’ শুরু করার পেছনে তাঁর অপরাধবোধ ও দায়িত্ববোধ কাজ করেছে। তিনি বলেন, “২০২২ সালে জান টাইমস শুরু করি। নিজের ভেতর একটা বড় দায়িত্ব অনুভব করছিলাম। অপরাধবোধও হচ্ছিল। আমি কানাডায় নিরাপদে ছিলাম। আমার অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত ছিল। অথচ লাখ লাখ আফগান নারী ও মেয়ে সেসব হারাচ্ছিলেন।” তিনি চেয়েছিলেন তালেবান নারীদের ঘরে আটকে রাখলেও তাঁরা যেন ঘরে বসেই সাংবাদিকতার প্রশিক্ষণ পান এবং তাঁদের কথা প্রকাশের একটি মাধ্যম থাকে।
জান টাইমস-এর ফেলোশিপের ব্যাপক সাড়া সম্পর্কে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ৭০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি ১০ মাসের একটি বিশেষ ফেলোশিপ চালু করেন। তিনি বলেন, “২০২৬ সালের ১৯ জানুয়ারি আবেদন নেওয়া শুরু হয়। শেষ হয় ৫ ফেব্রুয়ারি। মাত্র ১২টি ফেলোশিপের জন্য আমরা ৮৬০টি আবেদন পাই। এত সাড়া পেয়ে আমরা অভিভূত হয়েছিলাম। সবচেয়ে অনুপ্রেরণা পেয়েছি এটা দেখে যে এত নারী এখনো সাংবাদিক হওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত। নিজেদের এলাকায় কী হচ্ছে, তা তাঁরা জানাতে চান। তাঁদের মনে এখনো আশা আছে। তাঁরা কিছু করতে চান।”
নিরাপত্তার বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক। আফগানিস্তানের ভেতরে কর্মরত সকল সাংবাদিক ছদ্মনাম ব্যবহার করেন। তিনি বলেন, “আফগানিস্তানের ভেতরে থাকা আমাদের সব সাংবাদিক ছদ্মনাম ব্যবহার করেন। কেউ নিজের নামে প্রতিবেদন প্রকাশ করেন না, কারণ সেটা খুবই বিপজ্জনক। যাঁরা আমাদের তথ্য দেন, আমার তাঁদের আসল নামও প্রকাশ করি না। সাংবাদিক বা তথ্যদাতার পরিচয় বোঝা যেতে পারে, এমন বিবরণও বাদ দেওয়ার চেষ্টা করি।” অনেক সময় ঝুঁকি বেশি মনে হলে তিনি প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।
ভবিষ্যৎ প্রজন্মের কথা বলতে গিয়ে তিনি একটি ১৫-১৬ বছর বয়সী মেয়ের করুণ গল্পের কথা বলেন, যে কার্পেট বুনত কিন্তু পড়াশোনা করতে চেয়েছিল। মেয়েটি আক্ষেপ করে বলেছিল যে পৃথিবী চাঁদে যাচ্ছে, অথচ আফগান মেয়েরা রাস্তায় হাঁটতেও পারছে না। তবে জাহরা নাদের এই অন্ধকারের মাঝেও আলোর রেখা দেখতে পান। তিনি বলেন, “এবার তালেবান ক্ষমতায় আসার পর শুরুর দিকে নারীরা রাস্তায় নেমেছিলেন। তালেবান সেই বিক্ষোভ দমন করেছে, নারীদের কারাগারে নিয়েছে। আন্দোলন করার কারণে কোনো কোনো নারীকে হত্যাও করা হয়েছে। এখন প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক কঠিন। কিন্তু আমি নীরবে প্রতিরোধ গড়ে উঠতে দেখি। কোনো নারী নিজের বাড়ির নিচতলার ঘর, বসার ঘর কিংবা রান্নাঘরকে আশপাশের ছয়-সাতটি মেয়ের পড়ার জায়গা বানিয়ে নিচ্ছেন। আমি একে তালেবান-পরবর্তী জীবনের প্রস্তুতি হিসেবে দেখি।”
পরিশেষে তিনি জানান, তাঁর সাথে কাজ করা সাহসী নারী সাংবাদিকদের মধ্যেও তিনি প্রবল আশা খুঁজে পান, যারা জীবন ঝুঁকিতে ফেলে সত্য প্রকাশের লড়াই চালিয়ে যাচ্ছেন।