একই পদের চাকরির জন্য আবেদন করেছেন একজন নারী এবং একজন পুরুষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা সব মিলিয়ে সমান। বেতনের বিষয়ে কত টাকা দাবি করা উচিত, তা জানতে দুজনেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর পরামর্শ চাইলেন। কিন্তু এআই তাঁদের অভিন্ন পরামর্শ দেওয়ার পরিবর্তে নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে বলল।

এটি কোনো কাল্পনিক গল্প নয়। ২০২৫ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একই যোগ্যতার নারী ও পুরুষ যখন বেতন নিয়ে দর-কষাকষির বিষয়ে এআই-এর সাহায্য নিচ্ছেন, তখন প্রযুক্তিটি ভিন্ন ভিন্ন পরামর্শ দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করার পরামর্শ দিয়েছে। অনেক ক্ষেত্রে এই বেতনের ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশের কাছাকাছি।

এই উদাহরণটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। যে প্রযুক্তিকে আমরা তথাকথিত নিরপেক্ষ, দক্ষ এবং তথ্যনির্ভর বলে বিশ্বাস করছি, সেটিই যদি নারীর প্রতি বিদ্যমান সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যকে আরও উসকে দেয়, তবে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যৎ কোথায়?

সম্প্রতি যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি প্রকাশিত ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক একটি শ্বেতপত্রে এই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বিস্তারিত দেখানো হয়েছে যে, এআই-ভিত্তিক ব্যবস্থাগুলো কীভাবে নিয়োগ প্রক্রিয়া, বেতন নির্ধারণ এবং পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান লিঙ্গবৈষম্যকে আরও প্রকট ও গভীর করতে পারে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০৩০ সালের মধ্যে কিছু নির্দিষ্ট শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআই-এর প্রভাবে প্রায় ৪০ শতাংশ নারী কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক বিশ্লেষণেও দেখা গেছে, পুরুষপ্রধান পেশাগুলোর তুলনায় নারীপ্রধান পেশাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক বেশি পরিবর্তন এবং ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

সমস্যাটি কেবল কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কায় সীমাবদ্ধ নয়। এআই নিয়োগ এবং পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে। এর একটি বহুল আলোচিত উদাহরণ হলো অ্যামাজন। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে একটি এআই-ভিত্তিক নিয়োগব্যবস্থা তৈরি করেছিল। তবে অতীতের নিয়োগসংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত এই প্রযুক্তিটি পুরুষ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে শেখে। ফলে নারীদের দরখাস্তগুলো তুলনামূলকভাবে কম মূল্যায়িত হচ্ছিল। শেষ পর্যন্ত অ্যামাজন এই ব্যবস্থাটি বাতিল করতে বাধ্য হয়।

নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য কোনো নতুন বিষয় নয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মক্ষেত্রসহ সমাজের প্রায় প্রতিটি স্তরেই নারীরা দীর্ঘকাল ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফসেট সোসাইটির শ্বেতপত্রের লেখক মরিয়ম ইয়াকুব যথার্থই বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শূন্য থেকে বৈষম্য তৈরি করে না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই যে পক্ষপাত রয়েছে, তা থেকেই শেখে এবং ব্যাপক পরিসরে তার পুনরাবৃত্তি ঘটায়। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, তাহলে যেসব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ইতিমধ্যে নারীদের প্রতি বৈষম্য করছে, সেগুলোই কেবল স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত হবে।”

তবে এআই-এর পক্ষপাত মানুষের পক্ষপাতের চেয়ে আলাদা। এই পার্থক্যের মূল কারণ তিনটি—ব্যাপকতা, গতি এবং প্রাতিষ্ঠানিকীকরণ। একজন নিয়োগকর্তার ব্যক্তিগত পক্ষপাত হয়তো হাতেগোনা কয়েকজন নারীকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু একটি পক্ষপাতদুষ্ট এআই-ব্যবস্থা মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রার্থীর বিষয়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত নিতে পারে। একই ধরনের বৈষম্য এখানে বারবার ঘটতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তকে অনেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বলে ধরে নেন। ফলে এই বৈষম্য শনাক্ত করা এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা অনেক কঠিন হয়ে পড়ে।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই উদ্বেগ আরও বেশি প্রাসঙ্গিক। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ১৪৫টি দেশের মধ্যে অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৪২তম। শিক্ষায় নারী-পুরুষের ব্যবধান ৯৬ দশমিক ১ শতাংশ দূর হলেও অর্থনৈতিক ক্ষেত্রে এই ব্যবধান দূর হয়েছে মাত্র ৪১ দশমিক ৯ শতাংশ। আইনপ্রণেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপকদের মধ্যে নারীর অংশ মাত্র ৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ শিক্ষায় ব্যাপক অগ্রগতি হলেও তা কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি।

এমন পরিস্থিতিতে অতীতের নিয়োগ, বেতন ও পদোন্নতির তথ্য ব্যবহার করে এআই-কে প্রশিক্ষণ দেওয়া হলে কী ঘটবে? যে প্রতিষ্ঠানগুলোতে নারীরা দীর্ঘকাল ধরে নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, সেসব প্রতিষ্ঠানের তথ্য থেকে এআই শিখতে পারে যে পুরুষেরাই নেতৃত্বের জন্য বেশি উপযুক্ত। ফলে পুরোনো বৈষম্য নতুন প্রযুক্তির মাধ্যমে আরও প্রকট হয়ে উঠতে পারে।

এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। রোগনির্ণয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ পর্যন্ত দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ অংশ নেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে মানবসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে এআই-এর ব্যবহার যাঁরা করছেন, তাঁরা নিজেদের কাজ তুলে ধরেছিলেন এবং নানা আলোচনা হয়েছিল। প্রযুক্তির সম্ভাবনা দেখে আমি আশাবাদী হয়েছি। তবে পাশাপাশি ভেবেছি, আমরা কি এসব প্রযুক্তির সম্ভাব্য বৈষম্যমূলক প্রভাব নিয়ে যথেষ্ট সচেতন? বৈষম্য যাতে না ঘটে, তা নিশ্চিতে আমরা কোন পদক্ষেপ নিচ্ছি?

বাংলাদেশে নারীরা নানা প্রতিবন্ধকতার কারণে কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষমতায়নে অনেক পিছিয়ে আছেন। প্রযুক্তির কারণে সেই বৈষম্যকে আরও বাড়ানোর সুযোগ দেওয়ার ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে। তা ঘটতে দেওয়া যায় না। তাই যেকোনো প্রযুক্তি নকশার পরিকল্পনার পর্যায় থেকেই জেন্ডার সমতাকে বিবেচনা করা প্রয়োজন। নিয়োগ, বেতন ও পদোন্নতিতে ব্যবহৃত এআই চালুর আগে লিঙ্গভিত্তিক প্রভাব মূল্যায়ন এবং নিয়মিত নিরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। প্রশিক্ষণের তথ্য প্রতিনিধিত্বমূলক হওয়া দরকার এবং প্রযুক্তিবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।

পাশাপাশি কর্মীদের জানতে দিতে হবে, তাঁদের সম্পর্কে কোনো সিদ্ধান্তে এআই ব্যবহার করা হয়েছে কি না। বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ এবং মানবিক পর্যালোচনার ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারকে উচ্চ ঝুঁকির এআই ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোও জরুরি।

— লায়লা খন্দকার, উন্নয়নকর্মী