ময়মনসিংহ মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মহানগর যুবদলের জন্য ৬ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল ইসলাম রাসুকে। এছাড়া মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আলমগীর হোসেন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীরুল আহমেদ রবিন। পাশাপাশি যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম শিপু।
একই সাথে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ওপর। উত্তর জেলা কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন রবিউল করিম বিপ্লব, সহসভাপতি হিসেবে আমিনুল ইসলাম মিন্টু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান শরীফ হলুদ।
অন্যদিকে, ময়মনসিংহ দক্ষিণ জেলার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাইদ ফরহান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নাইমুল করিম লুইনকে। দক্ষিণ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাম মোশাওয়ার সোহাগ। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান রানা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল আলম ও সামছুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুনতাসির মনির।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটিগুলো অনুমোদন করেছেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আলাদাভাবে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।