দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীদের পাশ কাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রবাসী এবং শিক্ষার্থীরাও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রকৃত ব্যবসায়ীদের দাবি, নিয়োগপ্রাপ্ত অনেকেরই এই ব্যবসায় কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এবং সার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গুদামও নেই। তা সত্ত্বেও কেবল রাজনৈতিক বিবেচনায় তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ইউনিয়নে সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া। জানা গেছে, তার বাবা ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, দিনাজপুরে সরকারি কলেজের শিক্ষার্থী জয়িতা আক্তার জিনি নিয়োগ পেয়েছেন, যিনি অন্নদানগর ইউনিয়ন বিএনপির সভাপতির মেয়ে। একই তালিকায় স্থান পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভির রাফসান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অভিজ্ঞতা, গুদাম এবং আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করা হয়নি।

ঠাকুরগাঁওয়ে সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীরের বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরে ছোট ভাইয়ের পরামর্শে ডিলারের জন্য আবেদন করেন। উল্লেখ্য, এর আগে সার ব্যবসার কোনো অভিজ্ঞতা তার ছিল না।

তবে এই অভিযোগের বিষয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ পাঠিয়েছিল। মন্ত্রণালয় সেই সুপারিশের ভিত্তিতেই তালিকা চূড়ান্ত করেছে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।