আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং দারু সালাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা এবং রাজনীতির সাথে নিবিড়ভাবে যুক্ত অধ্যাপক শেখ আসিফ এস. মিজান এক সময়ের প্রভাবশালী ছাত্রনেতা ও যুবনেতা ছিলেন। নব্বইয়ের দশক থেকে তিনি রাজপথের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এই বিশিষ্ট শিক্ষাবিদ নেতৃত্ব প্রদান করেছেন।
২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক শেখ আসিফ এস. মিজান। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে বলে জানা গেছে।
নতুন এই দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
পাশাপাশি, তার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত এই সিনিয়র ভাইস-চেয়ারম্যান।