ফরিদপুরে একটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আওয়ামী লীগের ওপরই বর্তাবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদ জানাতে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে এই মিছিলটি শুরু হয় এবং শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কিবরিয়া স্বপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের ভেতরে-বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।” তিনি আরও অভিযোগ করেন যে, এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্তে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়মিত ঘটছে।

তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এছাড়া ভাঙ্গায় কৃষকদল নেতা এবং নড়াইলে কৃষক দল নেতাসহ দুজনকে হত্যার ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হন উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা। ওই হামলায় তিনি নিহত হন। এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ তোলা হয়েছে। একই সময়ে ওই এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

রাজু মোল্যা হত্যার বিচার নিশ্চিত করা এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই কৃষক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।