ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লার মরদেহে ক্ষতচিহ্ন এবং শরীরের কিছু অংশ ঝলসে যাওয়া পাওয়া গেছে। তবে তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল নাকি গুলি করা হয়েছিল, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার সন্তান। তাঁর পরিবারে স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে।

গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে মৃতের শরীরের ঝলসে যাওয়া অংশে একটি ছিদ্র পাওয়া গেছে; সেটি নিয়ে আমরা ভাবছি।’

অন্যদিকে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাজু মোল্লার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া। তিনি জানান, শরীরের ঝলসে যাওয়া অংশে একটি ছিদ্র থেকে এই রক্তক্ষরণ হয়েছে। তবে শরীরে এই ক্ষত কীভাবে তৈরি হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।

আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলা হলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ডসংলগ্ন ইউনিয়নের অস্থায়ী দলীয় কার্যালয়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছিলেন। রাত আটটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আসা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন ওই কার্যালয়ে ভাঙচুর ও হামলা চালায়। এসময় বিএনপির লোকজন সেখান থেকে পালিয়ে যান এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। রাত সোয়া ৯টার দিকে রাজু মোল্লা ওই এলাকায় একা থাকাকালীন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন তাঁর ওপর ককটেল হামলা চালায়, যার ফলে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন।

তবে স্থানীয় বাসিন্দা মীর জনি মুক্তকণ্ঠকে জানান, সম্ভবত রাজুর মোটরসাইকেলে ককটেল লেগেছিল। এই কারণে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, ‘রাজু মঙ্গলবার রাত ৯টার দিকে সদরপুরে সংসদ সদস্যের বাসায় যাওয়ার জন্য রওনা হন। পথে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন দেশি অস্ত্র নিয়ে পিকেটিং করছিল। আমি হাসপাতালে বসে যতটুকু জানতে পেরেছি, কেউ বলছে গুলি করছে, কেউ কেউ বলেছে ককটেল মেরেছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেল সাড়ে চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা মহিলা কলেজের সামনে বাসস্ট্যান্ড এলাকায় আনা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। বিকেল সোয়া পাঁচটার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং সাড়ে পাঁচটার দিকে মরদেহ নিয়ে বাড়ির দিকে রওনা হন স্বজনরা।

পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজু মোল্লার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং বাড়ির পাশেই তাঁকে দাফন করা হয়।

‘আমার দুইডা বাচ্চারে এতিম কইরা দিয়ে গেল’—আজ বেলা ১টার দিকে ভাঙ্গার বাকপুরা গ্রামে রাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাতুর মা হাজেরা বেগম ও বাবা আক্তার মোল্লা বিলাপ করছেন। স্বামীকে হারিয়ে কাঁদছেন স্ত্রী রিয়া আক্তার। পাশে স্তব্ধ হয়ে বসে আছে তাঁদের মেয়ে রাজিয়া আক্তার (১৪) ও ছেলে রোহান (১১)।

বিলাপ করতে করতে স্ত্রী রিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীরে যারা হত্যা করেছে, তুমি তাদের বিচার করো আল্লাহ। আমার দুইডা বাচ্চারে এতিম কইরা দিয়ে গেল। আমার আর আমার ছেলেমেয়েদের আপন বলতে কেউ রইল না দুনিয়ায়।’

সন্তানের হত্যার বিচার দাবি করে মা হাজেরা বেগম বলেন, ‘আমার ছোয়ালরে যারা মারছে, তাদের আমি ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে, এমপির কাছে দাবি, তাদের ফাঁসি চাই।’

রাজুর বাবা আক্তার মোল্লা জানান, রাজুই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি আগে ঠিকানা পরিবহন নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন, যার বাসগুলো নারায়াণগঞ্জের সাইনবোর্ড থেকে চান্দুরা রুটে যাতায়াত করে। তিনি আক্ষেপ করে বলেন, ‘রাজু রাজনীতি করত। সবার উপকার করত। রাজনীতি করলেই কি একজনকে মেরে ফেলতে হবে?’