সুনামগঞ্জ শহরের সড়ক প্রশস্তকরণ ফোরলেন প্রকল্পের কাজ চলাকালীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ কেভি লাইনের খুঁটি স্থাপনে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের ওয়েজখালি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের প্রধান ফটকের সামনে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিডিবির ৩৩ কেভি লাইনের খুঁটি স্থাপনের কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মীরা। ঠিক সেই সময় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) তাপস কুমারের নেতৃত্বে একদল কর্মকর্তা ও কর্মচারী ঘটনাস্থলে এসে কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং ঠিকাদারের লোকজনের ওপর চড়াও হন। সেই মুহূর্তে উপস্থিত সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণ করতে চাইলে তাদেরও বাধা দেওয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পিডিবির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ উঠেছে। অন্যদিকে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, সমিতির প্রধান ফটকের সামনে ৩৩ কেভি লাইন স্থাপন করা হলে তাদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে সমস্যা সৃষ্টি হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া সড়কের একপাশ পিডিবির এবং অন্যপাশ পল্লী বিদ্যুতের বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার।
সরেজমিনে দেখা গেছে, পল্লী বিদ্যুতের ফটক থেকে কয়েক ফুট দূরে দুটি খুঁটির গর্ত অর্ধেক খুঁড়ে রাখা হয়েছে। দক্ষিণ দিকে ফটক থেকে কিছুটা দূরত্ব থাকলেও উত্তর দিকে অবস্থিত মসজিদের একদম কাছ দিয়ে লাইনটি অতিক্রম করবে। এই মসজিদটিও পল্লী বিদ্যুতের শেষ সীমানায় স্থাপিত এবং পৌরসভার নির্ধারিত আইনে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় দেড় মিটার জায়গা ছেড়ে নির্মিত হয়নি। অন্যদিকে, উত্তর পাশে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আনসার ব্যাটালিয়ন কার্যালয়ের ফটকের সামনেও একই দূরত্বে খুঁটি স্থাপন করা হচ্ছে। আনসার কার্যালয়ের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকা সত্ত্বেও সরকারি জায়গায় খুঁটি স্থাপনে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাই এন্ড কং’-এর প্রকৌশলী ওমর ফারুক বলেন, “আমার শ্রমিকরা কাজ করার সময় পল্লী বিদ্যুতের এজিএম তাপস কুমার এসে কোনো কারণ ছাড়াই কাজ বন্ধের নির্দেশ দেন। আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের জানাই যে, আমাদের কর্তৃপক্ষ পিডিবি, তাদের নির্দেশনা পেলে আমরা কাজ বন্ধ করব। কিন্তু তারা তা না শুনে ২০-৩০ জন কর্মকর্তা-কর্মচারী মিলে মারমুখী আচরণ শুরু করেন। গায়ের জোরে প্রায় হাত তোলার উপক্রম হয়েছিল। পরবর্তীতে বাধ্য হয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে দিই। এতে আমার শ্রমিকদের অলস বসিয়ে রেখে পারিশ্রমিক দিতে হচ্ছে এবং আমি আর্থিক ক্ষতির মুখে পড়েছি। বিষয়টি পিডিবিকে লিখিতভাবে জানিয়েছি।”
পিডিবির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, “ফোরলেন সড়ক নির্মাণের কারণে নতুন করে ৩৩ কেভি লাইন টানতে হচ্ছে। কোথায় কোন খুঁটি বসবে এবং কীভাবে লাইন যাবে, তার সুনির্দিষ্ট ডিজাইন রয়েছে। সড়ক বিভাগের শেষ সীমানায় খুঁটিগুলো বসানো হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো উন্নয়নমূলক কাজের জন্য নতুন করে লাইন সরাতে না হয়। তাছাড়া পল্লী বিদ্যুতের ফটক থেকেও পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হয়েছে। ৩৩ কেভি লাইনের ডিজাইন চাইলেই পরিবর্তন করা যায় না, এটি কারিগরি বিষয়। এরপরও কোনো আপত্তি থাকলে তারা আমাদের চিঠি দিয়ে বা ফোনে জানাতে পারত। কিন্তু তারা আমাকে কোনো কিছুই জানায়নি। একটি সরকারি প্রতিষ্ঠান হয়ে কীভাবে আরেকটি সরকারি কাজে তারা বাধা দেয়, তা আমার বোধগম্য নয়। কাজ বন্ধ থাকলে সাধারণ জনগণই ভোগান্তিতে পড়বে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে জানিয়েছি।”
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) তাপস কুমার দাবি করেন, “আমরা কাজে কোনো বাধা দিইনি, কেবল কাজ সাময়িকভাবে স্থগিত রাখতে বলেছিলাম। কারণ, কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) থেকে ১২ ফুট দূরে খুঁটি বসানোর নিয়ম রয়েছে। তাছাড়া খুঁটি বসালে তার ওপর দিয়ে যাওয়া লাইনটি আমাদের মসজিদের কাছ ঘেঁষে যাবে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ঠিকাদারের লোকজন আমাদের কথা না শুনে কাজ চালিয়ে যাওয়ায় সামান্য উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছিল। বিষয়টি বড় কিছু নয়, আলোচনা করলেই সমাধান হয়ে যাবে।”
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মিলন কুমার কুন্ডু বলেন, “আমাদের সমিতির প্রধান কার্যালয়ে বড় বড় ট্রান্সফরমার ও ক্রেন আসা-যাওয়া করে। পিডিবির লাইন স্থাপন করলে সেখানে সমস্যা হবে। এছাড়া সড়কের একপাশে তাদের লাইন রয়েছে, অন্যপাশে আমাদের। পশ্চিম পাশে তাদের একটি লাইন থাকা সত্ত্বেও তারা পূর্ব পাশে আরেকটি নতুন লাইন টানছে, যা আমাদের লাইনের কার্যকারিতায় বিঘ্ন ঘটাবে। কাজ করার আগে তারা আমাদের সাথে আলোচনা করে ডিজাইন দেখাতে পারত।”
এই বিষয়ে বক্তব্য জানতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।