গাছের ডালপালা ছাঁটাই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের তাগিদে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় আগামী শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ এবং ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এই দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হবে বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকার গ্রাহকদের।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, বাস্তব কাজের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন বা কম-বেশি হতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব জোনাল অফিস থেকে জানানো হয়েছে, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তন করা হবে। এই বিশেষ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়নসহ লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে দোয়ারাবাজার সাব জোনাল অফিস।