দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দোকানে চুরি ঠেকাতে বিস্কুট খাওয়ানোর ফাঁদে বিড়াল হত্যায় এক দোকানিকে ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়েছে। দড়িতে ফাঁস দিয়ে বিড়ালটিকে ঝুলিয়ে হত্যার দায়ে অভিযুক্ত দোকানি সারোয়ার হোসেনকে আগামী ছয় মাস বাজারের কুকুর ও বিড়ালদের খাবার খাওয়ানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল রোববার বিকেলে ঘোড়াঘাটের বলগাড়ি বাজারে কর্মরত বেকারি দোকানি সারোয়ার হোসেনকে এই শাস্তি প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ।

ঘটনার বিস্তারিত জানা গেছে, গত ১৩ নভেম্বর রাতে বলগাড়ি বাজারের দোকানি সারোয়ার হোসেন তাঁর দোকানে বিড়ালের উৎপাত বন্ধ করতে দড়ি দিয়ে একটি ফাঁদ পেতে রেখেছিলেন। অভিযোগ করা হয়, রাতের কোনো এক সময়ে খাবারের খোঁজে গিয়ে একটি স্ত্রী বিড়াল ওই ফাঁদে আটকা পড়ে। পরদিন সকালে দোকানি সারোয়ার বিড়ালটির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তাকে ঝুলিয়ে হত্যা করেন। এরপর বিড়ালটির মরদেহ দোকানের বারান্দায় ফেলে রাখা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেই সময় মৃত বিড়ালটির পাশে দুটি বিড়ালছানা কান্নাকাটি করছিল।

কয়েকটি বিস্কুটের লোভে মা বিড়ালের এমন নির্মম মৃত্যু এবং বিড়ালছানা দুটির অসহায় অবস্থা দেখে মর্মাহত হন স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান। এই অমানবিক ও নিষ্ঠুর ঘটনার বিচার চেয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মেহেদী হাসান বিড়াল হত্যার বিষয়ে দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরই অভিযুক্ত সারোয়ার হোসেনকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তলব করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিশেষ শাস্তির আদেশ দেন।

শাস্তির বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ জানান, দোকানি সারোয়ার হোসেন তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তিনি নিজের দোষ স্বীকার করেছেন। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে তিনি একটি মুচলেকা দিয়েছেন। সেই মুচলেকায় উল্লেখ করা হয়েছে যে, আগামী ছয় মাস বলগাড়ি বাজারে যত কুকুর ও বিড়াল আছে, সেগুলোকে তিনি খাবার খাওয়াবেন। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি সারোয়ার আবারও এমন কোনো কাজ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিজের কর্মকাণ্ডের বিষয়ে দোকানি সারোয়ার হোসেন বলেন, “আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।”