দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন তালুকদারের পুত্র।
ঘটনার বিবরণ অনুযায়ী, বাড়ির দরজার সামনে রফিকের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বড় ভাই সাইদুল ইসলাম। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহটি উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় অবস্থান করার পর প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন। ব্যক্তিগত সমস্যার কারণে ছয় মাস আগে তার সঙ্গে স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সাবেক স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল তার নিজ বাড়িতে একাই বসবাস শুরু করেন, তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে গিয়ে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, ঘটনার দিন রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ছোট ভাইয়ের খোঁজ নিতে তিনি তার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে এবং বাড়ির পাশের আঙুরবাগানে অনেক খোঁজাখুঁজি করেও রফিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাইদুল ইসলাম আরও জানান, খোঁজাখুঁজি শেষ করে ফিরে আসার সময় তিনি হঠাৎ বাড়ির দরজার সামনে ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তখনই তিনি চিৎকার করেন এবং স্বজন ও প্রতিবেশীরা সেখানে জড়ো হন।
ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এই বিষয়ে জানান, "কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মনষয়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"