দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির আঙিনায় আদার বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি গাঁজাগাছ জব্দ করা হয়, যার ওজন প্রায় ২০ কেজি।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম আবু তালেব (২৭)। তিনি উপজেলার শ্রী হরিবিহরি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী হরিবিহরি গ্রামে একটি বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে অভিযান চালিয়েছিল ঘোড়াঘাট থানার পুলিশ। অভিযানে আবু তালেবের বাড়ির আঙিনা থেকে আদার আড়ালে লুকানো অবস্থায় দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ সোমবার সকালে গ্রেপ্তার আবু তালেবকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।"