পরিবারের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত গভীর ভালোবাসা। এই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজবাড়ীতে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্থানীয় তরুণী নার্গিস আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। একজন বিদেশি নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে এক নজর দেখার জন্য প্রতিদিন নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আগমন করেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জানা গেছে, জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত ঘটে নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখানে জ্যাকিও চাকরি করতেন। সেই কর্মস্থলের সুবাদে দুজনের মধ্যে পরিচয় হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে।

এক পর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহের কথা সিরাজুলকে জানান। এরপর সিরাজুল তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। সেই মুহূর্ত থেকেই দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। দীর্ঘদিনের কথাবার্তা ও জানাশোনার ধারাবাহিকতায় তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়, যা পরবর্তীতে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। সেই সম্পর্কের পূর্ণতা দিতেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি এবং দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তারা নতুন জীবন শুরু করেন।