ভাইয়ের কর্মস্থলে প্রথম পরিচয়, তারপর বন্ধুত্ব এবং পরিশেষে প্রেম। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দের নার্গিস আক্তারকে (২৪) বিয়ে করেছেন চীনের নাগরিক জ্যাকি চেউং (৩৬)। দুই ভিন্ন দেশের এই যুগলের বিয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি বরকে দেখার জন্য প্রতিদিন নার্গিসের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং উৎসুক মানুষ।
গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা খোয়াজ খাঁর মেয়ে নার্গিস। অন্যদিকে, বর জ্যাকি চেউংয়ের বাড়ি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টিতে (প্রশাসনিক অঞ্চল)।
নার্গিসের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর জ্যাকি বাংলাদেশে পৌঁছান। দুই পরিবারের সম্মতির ভিত্তিতে ৩ নভেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হয়।
পরিচয় হয় ভাইয়ের মাধ্যমে
নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে কর্মরত। জ্যাকিও একই প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে সহকর্মী হিসেবে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।
চার মাস আগে জ্যাকি চাকরি ছেড়ে নিজ দেশে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল। ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত কথা বলে তাঁরা একে অপরকে জানার সুযোগ পান এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
আধো আধো বাংলায় জ্যাকি মুক্তকণ্ঠকে বলেন, “নার্গিসের সঙ্গে নিয়মিত কথা বলতে বলতে তাঁকে ভালো লেগে যায়। তাঁকে জীবনসঙ্গী করতেই বাংলাদেশে এসেছেন। নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সংসার করতে চান তিনি।” পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফেরার পরিকল্পনা রয়েছে জ্যাকির।
স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন নার্গিস। তিনি বলেন, “প্রথমে জ্যাকির সঙ্গে সাধারণভাবে কথা হতো। ধীরে ধীরে বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। জ্যাকি তাঁকে বিয়ে করতে এত দূর থেকে এসেছেন, এতে তিনি খুব খুশি।”
এলাকায় উৎসবের আমেজ
বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে দেবগ্রাম এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীর পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, আবার কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
ভিন্ন দেশের একজনের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরুর এই ঘটনাটি পরিবারের কাছে যেমন ব্যতিক্রমী ও আনন্দের, তেমনি এটি একটি নতুন অভিজ্ঞতা বলে জানান নার্গিসের মা হাসিনা বেগম।
এই বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। তবে তিনি বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁর মতে, সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।