রাজবাড়ীর গোয়ালন্দ বাস টার্মিনাল এলাকায় একটি ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
এর আগে, এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে ট্রাকের চালকের আসনের নিচে রাখা ১৫টি নীল ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান আলী (৩৪), মো. আরমান হোসেন উজ্জ্বল (৩০) ও মো. আরিফ হোসেন (৩২)। তাদের বাড়ি যশোরের বেনাপোল পোর্ট এলাকার বিভিন্ন স্থানে।
পুলিশ জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ১২ চাকার একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ছাড়া রেডমি ১২ ফাইভ-জি ও টেকনো কেএম-৫ মডেলের দুটি স্মার্টফোন এবং উইনস্টার ডব্লিউ-৫০০-এমআইডি মডেলের একটি সাধারণ মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালানটি ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নেওয়া হচ্ছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় মাদকসংক্রান্ত মামলা ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হবে।