ভারতের শিখ সম্প্রদায়ের খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যা ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত নিখিল গুপ্তার কত বছরের কারাদণ্ড হবে, তা নিয়ে এখন সবার দৃষ্টি নিবদ্ধ। আগামী ২০ নভেম্বর, শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালত এই মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করতে যাচ্ছে।
মামলায় যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবী অপরাধীর জন্য ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন। অন্যদিকে, নিখিল গুপ্তার আইনজীবীর অনুরোধ, সাজা যেন বড়জোর ১২ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই টানাপোড়েনের মাঝে নিখিল গুপ্তা বিচারকের কাছে একটি চিঠি লিখেছেন। সেখানে নিজের অপরাধ স্বীকার করে তিনি লিখেছেন, তিন বছর পিছিয়ে গিয়ে ভুলগুলো শুধরে নিতে পারলে এই অবস্থায় পড়তে হতো না।
ভারতীয় বংশোদ্ভূত পান্নুন বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি স্বাধীন খলিস্তান আন্দোলনের একজন কট্টর সমর্থক। তাঁকে হত্যার ষড়যন্ত্রের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেপ্তার করা হয়। মার্কিন পুলিশের অভিযানেই তাঁর গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।
নিখিলের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করা, খুনের জন্য লোক ভাড়া করা এবং পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নিখিল নিজের অপরাধ স্বীকার করেন, যার পর আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। তাঁর চূড়ান্ত সাজা কত হবে, তা ২০ নভেম্বর জানানো হবে।
নিউইয়র্ক আদালতের বিচারপতির কাছে লেখা চিঠিতে ৫৫ বছর বয়সী নিখিল জানিয়েছেন, ২০২৩ সালের শুরুর দিকে তিনি যে মানুষে পরিণত হয়েছিলেন, তাঁকে তিনি নিজেই চিনতে পারেন না।
অনুশোচনা প্রকাশ করে সেই চিঠিতে নিখিল লিখেছেন, ‘আমার মতিভ্রম হয়েছিল। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, মদে আসক্তি আমাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। কারা হেফাজতে থাকার সময় আত্মহননের চিন্তাও মাথায় এসেছিল। ইচ্ছা হয় ২০২৩ সালকে ফিরিয়ে এনে ভুলগুলো শুধরে নিই।’
ওই চিঠিতে নিখিল আরও দাবি করেছেন যে, পান্নুনকে হত্যার পুরো ছকটি তিনি একাই তৈরি করেছিলেন।
এদিকে নিখিলের আইনজীবী বিচারকের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি চেয়েছেন, ২০ নভেম্বর সাজা ঘোষণার আগে নিখিলকে যেন ২০ মিনিট সময় দেওয়া হয়। এজলাসে দাঁড়িয়ে নিখিল গুপ্তা বিচারকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চান, তাই সেই সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, পান্নুনকে হত্যার এই ষড়যন্ত্রের ঘটনায় বিকাশ যাদব নামের একজনের নাম সামনে এসেছিল। অভিযোগ ছিল, বিকাশই নিখিলকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। মার্কিন নথিপত্রে বিকাশ যাদবকে ভারতের মন্ত্রিসভা সচিবালয়ের একজন কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিকাশের নির্দেশেই নিখিল একজন ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের মধ্যে ১ লাখ ডলারের একটি চুক্তি হয়, যার মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়েছিল। তবে নিখিল বুঝতে পারেননি যে, যাঁকে তিনি ভাড়াটে খুনি মনে করে চুক্তি করেছিলেন, তিনি আসলে মার্কিন আইনশৃঙ্খলা বিভাগের একজন আন্ডারকভার এজেন্ট।
এই ঘটনার পর নিখিল গ্রেপ্তার হন এবং ২০২৪ সালে মার্কিন গোয়েন্দারা বিকাশ যাদবকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে ঘোষণা করে।
সম্প্রতি পান্নুনের করা একটি মামলায় ভারতকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুন ওই মামলাটি দায়ের করেন। সেখানে তিনি ভারত সরকার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, বিকাশ যাদব ও নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
পান্নুনের দাবি, তাঁকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ওই ভারতীয় সরকারি কর্মকর্তারা সরাসরি জড়িত। তবে ভারত সরকারের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে ‘সাজানো ও বিদ্বেষপ্রসূত’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পান্নুনের অভিযোগের ভিত্তিতে পরিচালিত যাবতীয় আইনি প্রক্রিয়াকেও ‘ভিত্তিহীন’ বলে খারিজ করেছে ভারত সরকার।