পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার পৃথক পৃথক সাক্ষাৎ করেছেন পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।
এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) লিউ ইউইন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎকারের পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গণমাধ্যমের সামনে বলেন, ‘আমি এখানে এসেছিলাম ভারতের হাইকমিশনার হিসেবে ইউএনজিএর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে। আমি জাতিসংঘের সংস্কারের বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম। খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে, কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।’
ভারতের হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, এই বৈঠকটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।